রূপচর্চা
মেকআপে ক্রুটিবিহীন ফাউন্ডেশন রহস্য
মেকআপের ফাউন্ডেশন ভালো করতে চাইলে প্রসাধনীর ব্যবহারও করতে হবে সঠিকভাবে।
ঘণ্টার পর ঘণ্টা মেকআপ করলেন, শেষ পর্যায়ে গিয়ে দেখলেন ফেটে গেছে অনেক জায়গায়। সময় ও কষ্ট দুটোই বৃথা। মেকআপ করার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপ আছে কিছু। আছে প্রসাধনী ব্যবহারের নির্দিষ্ট সময় ও নম্বর। মুখ ধোয়ার আগে যেমন ক্রিম ব্যবহার করা যাবে না, তেমনি টোনার ব্যবহার করার আগে কনসিলার ব্যবহার করা উচিত নয়। মেকআপের ফাউন্ডেশনের আছে বেশ কয়েকটি স্তর। প্রতিটি স্তরই করতে হবে তাড়াহুড়াবিহীন। হাতে সময় কম থাকলেও অন্তত ত্বকের সঙ্গে প্রসাধনী মেশাতে হবে খুবই ভালোভাবে।
ধোয়া
ফাউন্ডেশন করার প্রথম ধাপে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সময় নিয়ে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
টোনার ব্যবহার
টোনারের মাধ্যমে ত্বকে টান টান ভাব চলে আসবে।
ক্রিম ব্যবহার
চেহারায় খুব ভালোভাবে ক্রিম ব্যবহার করা দরকার। খেয়াল রাখতে হবে পুরো চেহারা যেন একই পরিমাণ আর্দ্রতা পায়। কোথাও কম, কোথাও বেশি ক্রিম লাগালে পরবর্তী সময়ে ফাউন্ডেশন ব্যবহারের পর সাদা ছোপ ছোপ হয়ে থাকবে জায়গায় জায়গায়। তবে চেহারার কোনো জায়গায় যদি তৈলাক্ত ভাব থাকে, তাহলে সেখানে কম লাগান।
প্রাইমার
প্রাইমার আপনার ত্বক এবং মেকআপের মধ্যে একটি অতিরিক্ত স্তর তৈরি করে। মূলত মেকআপকে দীর্ঘস্থায়ী করতে, ত্বকের ওপরের অংশকে মসৃণ করতে এবং এমনকি চেহারায় একটি টোন তৈরি করতে সহায়তা করে। মুখ, চোখ, ঠোঁট এমনকি চোখের পাপড়ির জন্য আলাদা প্রাইমার পাওয়া যায়।
কনসিলার
কনসিলার বা রং সংশোধনকারী হলো একধরনের প্রসাধনী, যা কালো দাগ, বয়সের দাগ, বড় ছিদ্র এবং ত্বকে দৃশ্যমান অন্য ছোট ছোট দাগ ঢাকতে ব্যবহৃত হয়। এটি ফাউন্ডেশনের অনুরূপ, তবে কিছুটা ঘন। আপনার ত্বকের রঙের চেয়ে এক বা দুই শেড হালকা ব্যবহার করতে হবে।
পাউডার
পাউডার এখন পর্যন্ত করা মেকআপটিকে স্থায়ী করতে সহায়তা করবে।
কনট্যুর
কনট্যুর আপনার চেহারায় একটি নির্দিষ্ট ও সুন্দর আকার নিয়ে আসবে। এ যেন মেকআপ ব্যবহার করে চেহারায় ভাস্কর্য তৈরির এবং মাত্রা যোগ করার একটি অপূর্ব কৌশল। ত্বকের প্রকৃত রঙের চেয়ে কিছুটা গাঢ় শেড ব্যবহার করতে হবে। কাব্যিকভাবে বলতে গেলে কনট্যুরিং চেহারায় ছায়া এবং আলোর প্রভাব তৈরি করে।
হাইলাইটার
গালের হাড়ের ওপরের অংশ, নাকের সেতু, চিবুক, কপালের মাঝে ইত্যাদি চেহারার উঁচু জায়গাগুলোতে হাইলাইটারের চকচকে ভাব থাকুক।
ব্লাশঅন
গালের ওপরে ব্লাশঅন ব্যবহারে চলে আসবে হালকা আভা।