ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা প্রচারণায় নেমেছেন। স্থানীয় সরকার পরিষদ নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত হলেও দলীয় সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১২ জুন ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ মে, মনোনয়নপত্র বাছাই ১৮ ও ১৯ মে এবং প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। ছাগলনাইয়া পৌরসভার ভোটারসংখ্যা ২৫ হাজার ৮৫১। নারী ভোটার ১৩ হাজার ৩৩৫ ও পুরুষ ভোটার ১২ হাজার ৫১৬ জন। নয়টি ওয়ার্ডের জন্য ভোটকেন্দ্র ১০টি। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন। কারও সঙ্গে ছোটখাটো বিরোধ থাকলে সেগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। আওয়ামী লীগ ও বিএনপি দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ছাগলনাইয়া পৌরসভার বর্তমান মেয়র মো. আলমগীর বিএনপির সমর্থন নিয়ে আগেরবার নির্বাচিত হয়েছেন। এবারও তিনি বিএনপির সমর্থন নিয়েই প্রার্থী হতে আগ্রহী বলে জানা গেছে। যদিও বিএনপির মনোনয়ন পেতে আগ্রহীর তালিকায় রয়েছেন আরও দুই-তিনজন। ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার প্রথম আলোকে জানান, ‘ইতিমধ্যে বর্তমান পৌরসভার মেয়র মো. আলমগীরকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ অন্যদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার পর ছাগলনাইয়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেতে আগ্রহী হয়েছেন পাঁচজন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদের ছোট ভাই মো. মোস্তফা, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন মজুমদার ও আবুল হাসেম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদ প্রথম আলোকে জানান, ‘আওয়ামী লীগ থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ জন্য উপজেলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। প্রয়োজনে জেলা কমিটির সহযোগিতা নেওয়া হবে।’নয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের জন্য ইতিমধ্যে প্রায় শখানেক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম শোনা যাচ্ছে। পৌরসভার বর্তমান কাউন্সিলরদের প্রায় সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির কোনো প্রার্থীর নাম এখনো শোনা যায়নি।