তৎপর সালাম পার্টি!
তারা ওত পেতে থাকে নগরের বিভিন্ন মোড়ে। চোখ রাখে মানুষের ওপর। তারপর ঠিক করে শিকার। এভাবে ওই মানুষের সামনে গিয়ে সালাম দিয়ে শুরু করে কথা বলা। কথার ধরন এমন হয়, অনেকে বিশ্বাস করে তাদের। সেটাই কাল হয়। কখনো একসঙ্গে রিকশায় ওঠে, কিংবা আড়ালে নিয়ে গিয়ে কেড়ে নেয় টাকাপয়সা ও মুঠোফোন। নগরে এখন বেড়েছে এই সালাম পার্টির তৎপরতা।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, সম্প্রতি নগরে সালাম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। তারা বিভিন্ন বাসস্ট্যান্ডে লোকদের লক্ষ্য করে। তারপর তার সঙ্গে আত্মীয় কিংবা পূর্বপরিচিত বন্ধুর মতো আচরণ করে। একপর্যায়ে সখ্য গড়ে তোলে। রিকশায় কিংবা লোকজনের আড়ালে নিয়ে খেলনা পিস্তল দেখিয়ে টাকা, মুঠোফোনসহ সব কেড়ে নেয়। ইতিমধ্যে চক্রের সদস্য কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাম পার্টির কবল থেকে বাঁচতে রাস্তায় চলাচল করতে অপরিচিত লোকজনের সঙ্গে সাবধানে কথাবার্তা ও চলাফেরার পরামর্শ দেন ওই পুলিশ কর্মকর্তা।
নগরের কোতোয়ালি থানার একটি মামলায় গ্রেপ্তার পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার সাজুকে। ২০ আগস্ট কোতোয়ালি থানা কার্যালয়ে তিনি প্রথম আলোকে জানান, নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, অক্সিজেন, আগ্রাবাদ, বহদ্দারহাট, অলংকার মোড়, নিউমার্কেট, জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অবস্থান নেয় সালাম পার্টির সদস্যরা। কয়েকজন লোককে তারা লক্ষ্য করে। লক্ষ্য অনুযায়ী ওই লোকের সামনে গিয়ে সালাম দেয়। কখনো নিজে বিপদে পড়েছে বলে মিথ্যার আশ্রয় নেয়। বিপদের কথা বলে লোকটিকে একপাশে নিয়ে যান। এ সময় পকেটে থাকা খেলনার পিস্তল দেখিয়ে সব কেড়ে নেয়। আবার কখনো নগরের বিভিন্ন অলিগলিতে দাঁড়িয়ে থাকে। রিকশার আরোহীকে সালাম দিয়ে রিকশা থামায়। সালাম পার্টির সদস্যরা নিজেদের পূর্বপরিচিত বলে রিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর সব কেড়ে নেয়। এ পর্যন্ত ৮ থেকে ১০টি ঘটনায় মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছে সাজু।
১৯ আগস্ট শাহাদাত হোসেন নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে সখ্য গড়ে তোলে সালাম পার্টির সদস্য সাজু ও লিটন। পরে তঁাকে রিকশায় তুলে টাকা, মুঠোফোন কেড়ে নেয়। এ সময় শাহাদাত চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। লিটন পালিয়ে গেলেও সাজুকে ধরে ফেলে জনতা। পরে পুলিশ গিয়ে সাজুকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু পুলিশের কাছে স্বীকার করেছে, তাদের দলে শাহজাহান, রুবেল, সাইদুল, মনির ও লিটন নামের পাঁচজন রয়েছে। তাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল। কিন্তু তারা সবাই ইয়াবায় আসক্ত। ইয়াবা সেবনের জন্য সালাম দিয়ে মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে সব কেড়ে নিচ্ছে। পোশাকে, চলনে–বলনে তারা বেশ স্মার্ট। এসআই বলেন, সাজুর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দলের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।