ডেটল-স্যাভলনের কোনো গন্ধ নেই কিংবা ব্যথায় কেউ চিৎকার করছে না। মনে হবে, যেন কোনো হোটেলের লবি। এটা একটা হাসপাতাল—থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতাল। এই হাসপাতালে বাংলাদেশের অনেক রোগী যান চিকিৎসা করাতে। যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসার মানসংক্রান্ত প্রতিষ্ঠান জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের (জেসিআই) স্বীকৃতি পাওয়া এই হাসপাতালের কর্মকাণ্ড দেখতেই কর্তৃপক্ষের আমন্ত্রণে ব্যাংকক যাওয়া। ভেজথানি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা চারকিত বললেন, ‘চিকিৎসার জন্য আসা লোকজনের সেবা করাই আমাদের মূলমন্ত্র। এখানে রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক। এই হাসপাতালকে আমরা ৫০০ শয্যার একটি পরিবার বলেই মনে করি, যেখানে রোগীদের পরিবারের সদস্য হিসেবে সেবা দেওয়া হয় অতি মমতায়।’ ভেজথানি হাসপাতালে ঘুরতে ঘুরতে দেখা গেল একজন রোগীর সুস্থতা পরীক্ষার নানা পদ্ধতি। রয়েছে টিজেআর সেন্টার (সম্পূর্ণ অস্থিসন্ধির প্রতিস্থাপন) সব রকমের কার্ডিও সার্জারি, ইনফার্টিলিটি বিভাগ, অস্থিমজ্জা প্রতিস্থাপন, শিশু, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, নাক-কান-গলা, ক্যানসার, নিউরো সায়েন্স অ্যান্ড সার্জারি, গ্যাস্ট্রো এনটারোলজি, চেকআপ ক্লিনিক, দন্ত বিভাগ, গোল্ডেন এজ ক্লিনিক (বয়স্কদের জন্য) ইত্যাদি।হাসপাতালের আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক হাসান ইকবাল। একই সঙ্গে ব্যাংককের অ্যাসাম্পসন বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি। তিনি জানান, বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের এই হাসপাতালে সুযোগ-সুবিধা ভালোই আছে। এ ছাড়া রোগীর আত্মীয়স্বজনের থাকার জন্য সার্ভিস অ্যাপার্টমেন্ট আছে, সেখানে থাকা যাবে অল্প খরচে। তিনি বলেন, হেলথ ট্যুরিজম অর্থাৎ থাইল্যান্ডে চিকিৎসা ও বেড়ানো—দুটিরই সুযোগ রয়েছে। বেড়ানো বা কেনাকাটা বা ঘুরতে এসেও হেলথ চেকআপ করে থাকেন অনেকে।শুধু হাসপাতাল দেখা বা চিকিৎসার খোঁজখবর নেওয়া নয়; বেড়ানোটাও হয়েছে বেশ। কেননা, ব্যাংকক বেশ সুন্দর এক শহর। একে একে দেখা হলো ব্যাংককের চাও পারায়ায় নদী, সিয়াম ওশান ওয়ার্ল্ড, সাফারি ওয়ার্ল্ড, ড্রিম ওয়ার্ল্ড, প্রাতুনাম রোজ গার্ডেন, বায়োক টাওয়ার (সর্বোচ্চ ইমারত), ভাসমান বাজার, এলিফ্যান্ট শো, কোবলা শো, সিল মাছের শো, ডলফিন শো, কাউবয় শো, জেমস গ্যালারি ইত্যাদি। সুকুমভিটে বাংলা খাবার খাওয়া হলো, চড়া হলো স্কাইট্রেনেও। জানা গেল, বেড়ানোর এসব সুযোগ চাইলে বাংলাদেশি রোগীরাও পেতে পারেন।ভেজথানি হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য আনোয়ার, রাকিব, শারমিন, সাদিয়া—চারজন বাংলাদেশি দোভাষী আছেন। পুরো হাসপাতালটি পরিদর্শনের ব্যবস্থা করালেন রাজীব বড়ুয়া। ১২ তলা থেকেই শুরু করলাম একে একে নিচতলা পর্যন্ত। কথা হলো চিকিৎসক চাই মাহাথি পার্কের সঙ্গে। তিনি বললেন, হাসপাতালেই আছে খাওয়াদাওয়া ও কেনাকাটার সব ব্যবস্থা। ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে আরও অনেক ফাস্টফুডের দোকান। কেনাকাটার জন্য রয়েছে নানা ধরনের দোকান। প্রয়োজনীয় সবই পাওয়া যায় দোকানগুলোতে। হাসান ইকবাল বললেন, ‘বাংলাদেশে আমাদের অফিস আছে। ঢাকার সে অফিসে যোগাযোগ করলেই সব ধরনের তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে। শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামের লোকজনও সেবা পাচ্ছে।’ ওয়েব ঠিকানা : www.vejthani.com।