থাইল্যান্ডে উদ্দীপনের নাচ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘বুদ্ধজয়ন্তী’ উৎসব। বিশ্বের ১৫টি দেশ থেকে এসেছে সাংস্কৃতিক দল। তিন দিনের উৎসবে বাংলাদেশের নাচ দিয়ে থাইল্যান্ডবাসীর মন মাতালো চট্টগ্রামের নাচের দল ‘উদ্দীপন’। আন্তর্জাতিক বুড্ডিস্ট সাংস্কৃতিক উৎসব ও ২৬০০ বুদ্ধাব্দ বরণ উপলক্ষে ব্যাংককে যৌথভাবে ‘বুদ্ধজয়ন্তী’ উৎসবের আয়োজন করে মাহাচুলালঙ্কারা রাজা বিদ্যালায়া ইউনিভার্সিটি ও থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রণালয়। গত ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত তিন দিনের ওই উৎসবে সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে উৎসবে যায় উদ্দীপনের ১০ সদস্যের দলটি।৩১ মে ব্যাংককের মাহাচুলালঙ্কারা রাজা বিদ্যালায়া ইউনিভার্সিটি সম্মেলনকক্ষে নৃত্য পরিবেশন করে উদ্দীপন। সম্মেলনকক্ষে উপস্থিত কয়েক হাজার দর্শক ও বৌদ্ধ ভিক্ষুদের নজর কাড়ে আবহমান বাংলার নাচ। পরের দিন ১ জুন সন্ধ্যায় ব্যাংককের ন্যাশনাল থিয়েটারে বৌদ্ধ নৃত্য ও বাংলাদেশি লোকনৃত্য পরিবেশন করেন উদ্দীপনের সদস্যরা। সবশেষ ২ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘বুদ্ধামন্থন’ উদ্যানে নৃত্য পরিবেশন করেন তাঁরা।উদ্দীপনের দাপ্তরিক সম্পাদক ও সফরকারী দলের সদস্য বিজয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘থাইল্যান্ডের বুদ্ধজয়ন্তী অনুষ্ঠান দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। উৎসব চলাকালে বাংলাদেশের লোকনৃত্য থাইল্যান্ডের দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।’সফরকারী দলের নেতৃত্বে ছিলেন উদ্দীপনের সাধারণ সম্পাদক নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া। দলের অন্য সদস্যরা হলেন: স্বপন বড়ুয়া, বিজয় বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, নম্রতা তালুকদার, হূদিকা তালুকদার, উপমা বড়ুয়া, অরুনিমা বড়ুয়া, অনুরূপা বড়ুয়া ও প্রমা অবন্তী।