থাইল্যান্ডে ‘তেজি ঘোড়ার দৌড়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ৩ জুলাইয়ের সাধারণ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৌতূহল কম নয়। কারণ দেশটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। বিশ্লেষকেরা এরই মধ্যে এই নির্বাচনকে ‘দুই তেজি ঘোড়ার দৌড়’ বলে আখ্যা দিয়েছেন। ঘোড়া দুটির একটি হচ্ছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভার দল ডেমোক্র্যাট পার্টি, অন্যটি নতুন রাজনৈতিক দল পুয়ে থাই পার্টি। দ্বিতীয়টির নেতৃত্বে রয়েছেন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রা। রাজনীতিতে একেবারেই নতুন হলেও প্রচারে নেমেই নির্বাচনী ময়দানে ঝড় তোলেন ইংলাক। সে ঝড় আপিসিতের ক্ষমতার খুঁটিতে বেশ জোরেসোরেই ঝাপটা মারছে। প্রশ্ন জেগেছে, এ ঝড় সামলে ক্ষমতায় থেকে যেতে পারবেন আপিসিত? নাকি বোনের কাঁধে ভর করে থাইল্যান্ডের রাজনীতিতে নেপথ্য নায়ক হিসেবে ফিরে আসবেন অন্তত দেশের একাংশের কাছে বেশ জনপ্রিয় থাকসিন?২০০৬ সালে সেনা-অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পতনের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। থাইল্যান্ডে ভোটারসংখ্যা চার কোটি ৭০ লাখ। ৫০০ আসনের পার্লামেন্টের মেয়াদ চার বছর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিন হাজার ৭৩৫ জন প্রার্থী নিবন্ধন করেছেন। নির্বাচন নিয়ে একাধিক জনমত জরিপে পুয়ে থাই পার্টি বেশ মজবুত অবস্থানে রয়েছে। সব কয়টি জরিপে ক্ষমতাসীন জোটের চেয়ে তাদের জনসমর্থনের পাল্লা ভারী। থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে যাঁরা বিশেষ ওয়াকিবহাল না, জরিপের ফল দেখে তাঁরা হয়তো চট করে বলে দেবেন, এবার পুয়ে থাই নির্ঘাত জিতবে। কিন্তু ডেমোক্র্যাটদের উত্থান, পুয়ে থাইয়ের আবির্ভাব ও স্থানীয় রাজনীতির পূর্বাপর পরিস্থিতি বিবেচনা করলে সহজে বলা যাবে না শেষতক ক্ষমতা কার হাতে যাবে। থাইল্যান্ডের রাজনীতিতে পুয়ে থাই পার্টি একেবারেই নবীন। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দলটির জন্ম। তবে কার্যত এটি একটি নতুন মোড়কে পুরোনো সংগঠন। নির্বাচনী জালিয়াতির দায়ে সাংবিধানিক আদালত থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত দল পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) নিষিদ্ধ করলে এটি গঠন করা হয়। থাকসিনের নিজের গড়া প্রথম দল থাই রাক থাই (টিআরটি) পার্টিকে ২০০৭ সালের মে মাসে নিষিদ্ধ করে সেনা সরকার সমর্থিত একটি ট্রাইব্যুনাল। এর মাস আটেক আগে থাকসিনের বিদেশ সফরকালে সেনা-অভ্যুত্থানে উৎখাত হয় তাঁর সরকার। টিআরটিকে নিষিদ্ধ করা হয় নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে। ক্ষমতা হারানোর পর দেশ ত্যাগে বাধ্য হন থাকসিন সিনাওয়াত্রা। যুক্তরাজ্যসহ একাধিক দেশ ঘুরে তিনি আশ্রয় নেন দুবাইয়ে। পল্লির দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও মাদকবিরোধী লড়াইয়ে লক্ষণীয় সাফল্যের জন্য প্রশংসিত হওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন কারণে নিন্দিতও হয়েছেন সিনাওয়াত্রা। ২০০৮ সালে থাকসিন-সমর্থিত পিপিপি নিষিদ্ধ হওয়ার পর সে বছরেরই ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় আসেন বর্তমান প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভা। সেনা সমর্থন নিয়ে ক্ষমতায় এলেও আপিসিত কখনো জুত করে হাল ধরতে পারেননি। শুরুতেই তিনি ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। তাঁর ক্ষমতায় আরোহণের বিষয়টিকে অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ দিন দিন তীব্রতর হতে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ হয় গত বছর। থাকসিনের ভক্ত তাঁর গ্রামকেন্দ্রিক সমর্থকদের ‘লাল শার্ট’ বিক্ষোভ টানা ১০ সপ্তাহ চলে। এতে দেশ অচল হওয়ার উপক্রম হয়। অন্যদিকে পুয়ে থাই পার্টির ইংলাক মূলত ভাই থাকসিনের প্রতিনিধি হিসেবেই লড়ছেন। রাজনীতিতে নতুন হলেও ভাইয়ের জোরদার সমর্থনের ভিত্তি তাঁকে নিঃসন্দেহে সাহায্য করবে। দেশের চিয়াং মাই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন ইংলাক। তাঁর একটি বিশেষ গুণ হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারেন। মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার এই গুণের ব্যাপারে ইংলাক থেকে আপিসিত বেশ পেছনে থাকবেন। তবে রাজনীতিতে নবিশ হলেও পরিবারেরই একজনকে সামনে নিয়ে আসায় সমালোচনাও হয়েছে থাকসিনের। শুধু তো একজন এমপি পদপ্রার্থী নন, ইংলাক প্রধানমন্ত্রী পদে তাঁর দলের মুখ্য প্রার্থী। নির্বাচনী প্রচারণায় নেমে আপিসিত তো বলেই ফেলেছেন, ইংলাকের দল জয়ী হলে থাকসিন যুগের রাজনৈতিক অস্থিতিশীলতা ফিরে আসবে। ৫০০ আসনের পার্লামেন্টে পুয়ে থাই পার্টি ২২০ থেকে ২৪০টি আসন পেতে পারে। সে ক্ষেত্রে জোট সরকার গড়তে অন্য দলগুলোর কাছে তাদের ধরনা দিতে হবে। এতে ইংলাক কতটা সফল হবেন, আগেভাগে তা বলা মুশকিল। শরিফুল ইসলাম ভূঁইয়া