থাইল্যান্ডের টক-ঝাল-মিষ্টি দিনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের সঙ্গে লেখক (সামনে, ডান থেকে চতুর্থ)। ছবি: সংগৃহীত
বিভিন্ন দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের সঙ্গে লেখক (সামনে, ডান থেকে চতুর্থ)। ছবি: সংগৃহীত

দুই বোন। একজনের নাম মিউজিক, আরেকজনের নাম গিফট! খুব অবাক হয়েছিলাম নাম শুনে। থাইল্যান্ডে এমন অনেক বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য। এশিয়া প্যাসিফিক ইয়ুথ এক্সচেঞ্জ (এপিওয়াইই) প্রোগ্রামে অংশ নিতে সেখানে গিয়েছিলাম ৯ জানুয়ারি। আরবান ইয়ুথ একাডেমি ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের সহায়তায় ব্যাংককে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে এই প্রকল্পের আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। অনলাইনে এই প্রকল্পে অংশ নেওয়ার আবেদন করেছিলাম। স্কাইপিতে ইন্টারভিউ নিয়ে আয়োজকেরা আমাকে নির্বাচিত করেন। পরে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় তরুণদের এই সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ হয়। বাংলাদেশ থেকে আমি ছাড়াও অংশ নিয়েছিলেন আরও চারজন—তানজিলা ইভানা, শোয়েব ইবনে রাশিদ, রাফি আহমেদ ও আনু আনোয়ার।

এপিওয়াইই মূলত সামাজিক ব্যবসায় তরুণদের আগ্রহী করতে চায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ছিলেন নেপালের বিসাম গ্যাওয়ালি, পাপুয়া নিউগিনির ফ্রেডাহসহ আরও চারজন তরুণ উদ্যোক্তা। তাঁদের বক্তব্য আমাদের সবাইকেই নতুন কিছু করার উৎসাহ জুগিয়েছে। আয়োজনের দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে আমাদের জন্য নেতৃত্বের গুণাবলিবিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছিল। যেকোনো ব্যবসা বা কোনো উদ্যোগ নিতে গেলে যে চড়াই-উতরাই পেরোতে হয়, সেটা নিয়েও আলোচনা হয়েছে।

উসাইম্যা মারমা
উসাইম্যা মারমা

তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল ‘লোকাল ইমার্শন’ পর্ব। এই পর্বে স্থানীয় একটি পরিবারের সঙ্গে আমার কিছুদিন থাকার সুযোগ হয়েছে। খুব কাছ থেকে দেখেছি তাঁদের সমাজব্যবস্থা, সংস্কৃতি। এই পরিবারেই পরিচয় হয়েছিল দুই বোন—একাদশ শ্রেণিপড়ুয়া মিউজিক আর তৃতীয় শ্রেণির ছাত্রী গিফটের সঙ্গে। ভীষণ আন্তরিকতার সঙ্গে তারা আমাকে গ্রহণ করেছে। আমি তাদের কাছে ‘বিদেশি’। তারা ভেবেছিল, ‘বিদেশি অতিথি’ বোধ হয় ঝাল খেতে পারে না। প্রথম কয়েক দিন একেবারেই কম ঝাল দিয়ে রান্না করা খাবার খেতে হয়েছে। পরে আমি ঝাল খেতে পছন্দ করি শুনে শেষ কয়েক দিন আমার জন্য তাদের মতোই রান্না করেছিল। মজার ব্যাপার হলো, তাদের খাবার এত বেশি ঝাল, খেয়ে রাতে আমি ঘুমাতে পারিনি! আবার তারা যদি মন খারাপ করে, ভেবে আমার সমস্যার কথা বলতেও পারিনি। একরকম নাক-মুখ বুজে খেয়ে নিয়েছি!
থাইল্যান্ডের ইকো স্কুলে ঘুরতে গিয়ে আরেকটা মজার অভিজ্ঞতা হয়েছে। এই স্কুলের উদ্দেশ্য, শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করা। কমলার খোসা থেকে শুরু করে কচুরিপানা, তারা সব ধরনের বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করে। পুরো স্কুলে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপায়ে তৈরি বিদ্যুৎ। আবার ‘জিরো বাথ শপ’ নামে একটা দোকানে গিয়েছিলাম। যেখানে টাকা নয়, বরং ফেলনা প্লাস্টিকের বিনিময়ে কেনাকাটা করা যায়।

কখনো ভাবিনি, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বেড়ে ওঠা এই আমার এত অদ্ভুত সব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। মা-বাবা খুব বেশি পড়ালেখা করেননি। আমি তাঁদের বড় মেয়ে। তাই আমাকে নিয়ে তাঁদের অনেক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতেই খুব ছোটবেলায় পড়াশোনার জন্য চলে এলাম ঢাকায়। হোস্টেলে থেকেছি। মানিয়ে নিতে কষ্ট হয়েছে, তবু মা-বাবার স্বপ্নপূরণের তাগিদে একেবারে অচেনা একটা শহরকে আপন করে নিয়েছি। ক্ষুদ্র জাতিসত্তার মেয়ে হিসেবে নিজের জাতির জন্য কিছু করার তাগিদ ছোটবেলা থেকেই অনুভব করতাম। তাই উচ্চমাধ্যমিক পাস করার পর ভালো কোথাও উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে ছিল।

প্রথম আলোয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) বিজ্ঞাপন দেখে ২০১২ সালে আবেদন করেছিলাম। আমার খুব সৌভাগ্য, আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার সুযোগ হয়েছে। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি নিয়ে এইউডব্লিউতে ভর্তি হয়েছিলাম। এইউডব্লিউতে ভিন্ন ধাঁচের শিক্ষাব্যবস্থার কারণে আমাদের নিয়মিতই সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে হয়। সেসব আলোচনা থেকেই শিখেছি, সমাজের যেকোনো সমস্যা সমাধান করার জন্য তরুণদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ। এপিওয়াইইতে অংশ নেওয়ার সুযোগে আমার ধারণা আরও পরিষ্কার হয়েছে। এই প্রোগ্রামে গিয়ে শিখেছি, কীভাবে কারও মতবাদকে সম্মান জানানো উচিত, কীভাবে কাউকে আঘাত না করেও কারও মতের বিরুদ্ধে দ্বিমত পোষণ করা যায়। কারও জন্য অপেক্ষা না করে সমাজ বদলের কিছু ভালো উদ্যোগ নিজেরই নেওয়া উচিত—এই বিশ্বাস নিয়ে ১৪ দিনের প্রকল্প শেষে ২২ জানুয়ারি দেশে ফিরেছি।