থাকব নাকো বদ্ধ ঘরে

পড়ার টেবিল থেকে মুখ তুলেই কম্পিউটারের পর্দায় মুখ গুঁজে দেওয়া—আজকাল এভাবেই তো কেটে যাচ্ছে অনেক শিশুর শৈশব। এটুকুই বিনোদন তাদের। ভার্চুয়াল খেলায় সাময়িকভাবে খানিকটা আমোদ হয়তো মেলে, কিন্তু শরীর ও মনে দীর্ঘমেয়াদি অবসাদ রেখে যায়। তাই দাপিয়ে বেড়াতে হবে মাঠে। খেলা হবে সত্যিকারের খেলার মতো। তবে এখনকার বাস্তবতায় সেটা তো একটু কঠিনই। সারি সারি ফ্ল্যাটবাড়ির ফাঁকে একটু খোলা মাঠ মিলছেই বা কোথায়। সে জন্য উদ্যোগী হতে হবে মা-বাবাকেই।
শিশুদের নিয়ে যেতে পারেন খেলাধুলার চর্চা হয় এমন নানা জায়গায়। সেখানে মাঠ আছে, খেলাও আছে। শিশুরা খেলবে, দৌড়াবে, সতেজ হয়ে উঠবে ওদের মন। আর সুঠাম হবে শারীরিকভাবে।
সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, শৈশবে সুঠাম দেহ গঠনে খেলার বিকল্প হয় না। বাড়ে কল্পনাশক্তি। খেলাধুলায় নিজের প্রতি যেমন সম্মান বাড়ে, খেলা অন্যকেও শ্রদ্ধা করতে শেখায়।
চিকিৎসকদেরও কিন্তু একই মত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু শাহীন জানান, বাড়ন্ত বয়সে খেলাধুলাটা বড্ড জরুরি। শারীরিক বিকাশ যেমন হয়, মানসিক বিকাশের জন্যও জরুরি খেলাধুলা। সাঁতার কিংবা শারীরিক পরিশ্রম হয়—এমন খেলাধুলায় মাংসপেশির পরিমাণ যেমন বাড়ে, সেই সঙ্গে শক্তিও বাড়ে। হাড়ের গঠনও মজবুত হয়। এগুলোর নিয়মিত চর্চায় হাড় কিংবা বাতের ব্যথায় কষ্ট পেতে হয় না।
জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রশাসক আয়েশা বেগমেরও কথাও প্রায় একই সুরের, খেলাধুলায় শরীর বাড়বাড়ন্ত হয় এবং শিশু সুস্থ থাকে। মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নিয়মিত শেখানো হচ্ছে তায়কোয়ান্দো, জুডো, বাস্কেটবল ও ব্যাডমিন্টন।
মার্শাল আর্ট
শরীরচর্চার পাশাপাশি আত্মরক্ষার কৌশলগুলো জানতে মার্শাল আর্ট শেখাতে পারেন শিশুকে। ইস্কাটনের ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার, দ্য ফাইটার স্কুলের কথাই বলি। এখানকার ছোট এক সদস্যের নাম নাফসিসোহা। বয়স সাকুল্যে পাঁচ বছর। তার এককথা, ‘আমি কারও সঙ্গে ইচ্ছে করে মারামারি করি না।’ নাফসিসোহার মা সুরাইয়া সুলতান। তিনিও মেয়ের সঙ্গে মার্শাল আর্ট শিখছেন এখানে। রাজিন, অরণ্য, সাকিবরা এখানে মার্শাল আর্ট শিখছে বহুদিন ধরে। আর স্কুলটির পুরো ভাগের তত্ত্বাবধান করেন মাসুম পারভেজ রুবেল। তিনি জানান, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মার্শাল আর্ট অনন্য। সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট শেখার বিকল্প নেই। এখানে মার্শাল আর্টের মধ্যে ফাইটার কারাতে, সিনজি কুংফু, থাই কুংফু ও ইউনিয়ন কংফু শেখানো হয়। পাঁচ বছর থেকে শুরু করে শারীরিকভাবে সমর্থ যে কেউই শিখতে পারে এটি। আর এখানে বড়দের সম্মান করা ও শ্রদ্ধা করার ব্যাপারটাও শেখানো হয় গুরুত্বের সঙ্গে।
সাঁতার
দুরন্ত ঘোরাঘুরিতে সাঁতার জানা থাকলে বাড়তি সুবিধা। জলপথে ভ্রমণে খানিকটা নির্ভার থাকা তো যায়ই, জলরাশিও উপভোগ করা যায় দারুণভাবে! আর নিয়মিত সাঁতার কাটলে শরীরটাও ভালো থাকে। শরীরের গঠন সুন্দর হয়। পেশিবহুল শরীর গড়ে ওঠে আস্তে-ধীরে।
সাইক্লিং
ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের জ্যেষ্ঠ প্রশিক্ষক মো. রাসেল জানান, যারা ব্যায়ামাগারে আসে না, সাইকেল চালানো তাদের জন্য বিকল্প হতে পারে। নিয়মিত সাইকেল চালালে শারীরিক বৃদ্ধি দ্রুত হয়। মাংশপেশি হয় সবল, শারীরিক শক্তি-সামর্থ্যও বৃদ্ধি পাবে অনেক। এ ছাড়া হাড় ও হাড়ের সংযোগস্থলের শক্তি বাড়বে। চর্বি জমবে না পেটে।
ফুটবল কিংবা ক্রিকেট
শুধু খেলা দেখলে তো হবে না, খেলতেও হবে। আশপাশের অন্য শিশুদের সঙ্গে নিয়ে একটা ক্রিকেট বা ফুটবল দল গঠন করতে উৎসাহ দিন শিশুকে। আর আশপাশে একদমই জায়গা না থাকলে কাছে-পিঠের কোনো ফুটবল কিংবা ক্রিকেট ক্লাবের সদস্য করে দেওয়া যেতে পারে। ঢাকার অনেক মাঠেই নিয়মিত ফুটবল-ক্রিকেটের চর্চা হয়। একটু খোঁজ নিয়ে সেখানেও নিয়ে যেতে পারেন।
