থাকব নাকো বদ্ধ ঘরে
‘আমাদের সবারই শৈশবের স্মৃতি আছে। ধবধবে ইউনিফর্মের সঙ্গে কাঁধে রঙিন ছবিতে ভরা এক ব্যাগ বই। ঢং ঢং বেজে যাওয়া ছুটির ঘণ্টার পর হইচই করে মাঠে নেমে দিগ্বিদিক দৌড়াদৌড়ি।’ ২৫ জুলাই বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় ঘুরে এসে এ কথাগুলো বলছিল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী তন্ময় দাশ, আবদুল্লাহ আল-নোমান আর দীপঙ্কর দেবনাথ।উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে।গ্রীষ্মকালীন সেমিস্টার শেষের ছুটিতে আইইউবির কজন বন্ধু মিলে ঠিক করেন, বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের সঙ্গে তাঁরা একটা দিন কাটাবেন। লেখাপড়ার পাশাপাশি থাকবে গল্প-গান।ধলঘাট গ্রামে বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্য।জরাজীর্ণ বেড়ার ওপর কোনো একটা সময় লাগানো টিনের ছাউনির স্কুলঘর। এই একটি শ্রেণীকক্ষেই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থীকে পাঠ দেওয়া হয়। শিশুদের কারও ইউনিফর্ম নেই, এমনকি অধিকাংশ ছাত্রছাত্রী এসেছে খালি পায়ে। এতগুলো সুন্দর মুখ একসঙ্গে দেখে সবার চোখ আনন্দে চকচক করে উঠল। পরিচয় পর্ব শেষে চলল অঙ্কের ধাঁধা, ম্যাজিক, মজার খেলা, বাংলা ও ইংরেজির ছোটখাটো প্রশ্নোত্তর—আরও কত কী!আইইউবির শিক্ষার্থী ইমরান হোসেন, পূর্বা দত্ত, সেঁজুতি চক্রবর্তী, তাসনিম আক্তার শিশুদের সঙ্গে আলাপ করে জানতে চান নানা বিষয়।এক শিশু আবৃত্তি করে, ‘থাকব নাকো বদ্ধ ঘরে’ কবিতাটি। এরপর কজন মিলে গায় ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গান।সবশেষে সবাই মিলে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে অনুষ্ঠান শেষ হয়। শিশুরা উপহার হিসেবে পাওয়া ব্যাট-বল আর লাফানোর দড়ি নিয়ে ব্যস্ত হয়ে মাঠে নেমে পড়ে।