থাকবে ডুবোশহর 'স্মার্ট' বাড়িঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য রকমের উঁচু সব অট্টালিকা, ডুবোশহর আর ‘স্মার্ট’ বাড়িঘর। এসব বর্তমানে কল্পনায় থাকলেও ১০০ বছর পরেই তা বাস্তবে রূপ নেবে। ভবিষ্যতের জীবনধারা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সেই স্বপ্ন দেখাচ্ছেন বিজ্ঞানীরা।
‘দ্য স্মার্টথিংস ফিউচার লিভিং রিপোর্ট’ শিরোনামের এই প্রতিবেদনটি তৈরি করেছে স্যামসাংয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান স্মার্টথিংস। এ কাজে অংশ নেন একদল শিক্ষক এবং ভবিষ্যৎ বিশেষজ্ঞ। তাঁদের মতে, ২১১৬ সালেই মানুষ মাটির নিচে তৈরি ২৫ তলা ভবনে বসবাস করতে পারবে।
শিক্ষকদের ওই দলে রয়েছেন স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকেরাও। তাঁরা বলছেন, পানির নিচে ‘বুদ্বুদের শহর’ বানানো সম্ভব হবে। আর সেগুলো হবে মানুষের বসবাসের উপযোগী। তখন ব্যক্তিগত ড্রোনই হবে পরিবহন যোগাযোগের প্রধান মাধ্যম। আর অবকাশের সময় পুরো বাড়িটিকে উড়িয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার অভিনব ব্যবস্থাও থাকবে।
প্রতিবেদনের সহ-লেখক এবং মহাকাশবিজ্ঞানী ম্যাগি অ্যাডেরিন-পোকক বলেন, ‘শতবর্ষ আগের বাস্তবতার সঙ্গে তুলনা করলে আজকের দিনে আমাদের জীবনযাত্রার ধরনকে প্রায় অচেনা মনে হয়। আমাদের যোগাযোগ, জীবন সম্পর্কে জানা এবং জীবনকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হিসেবে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে ইন্টারনেট। মাত্র ১০ বছর আগে স্মার্টফোননির্ভর যন্ত্রপানি মানুষের ধারণাতীত ছিল। কিন্তু এখন প্রযুক্তির বিকাশের ফলে স্মার্টফোনের মাধ্যমে চারপাশের অনেক কিছু পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে জীবনযাত্রা আরও সহজ করা সম্ভব হচ্ছে। আগামী এক শতাব্দীতে জীবনযাত্রার ধরনে আরও কিছু নাটকীয় পরিবর্তন অবশ্যই ঘটবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টারে কেবল আসবাব নয়, গোটা বাড়িটাই তৈরি করা যাবে। থ্রিডি প্রিন্টারে খাবার প্রস্তুত করাটা ইতিমধ্যে সম্ভব হয়েছে। ১০০ বছর পর সেই প্রযুক্তি অবশ্যই আরও উন্নত হবে। তখন হয়তো প্রিয় বাবুর্চির রান্না করা খাবার ডাউনলোড করে খাওয়া যাবে কয়েক মিনিটের মধ্যেই।
স্মার্টথিংস যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপনা পরিচালক জেমস মনিগান বলেন, ‘স্মার্টফোন বিপ্লবের হাত ধরে ইতিমধ্যে স্মার্টহোম বিপ্লবের সূচনা হয়ে গেছে। ফলে আমাদের জীবনযাত্রা আমূল বদলে যাবে। আমাদের বাড়িঘর অনেক বেশি স্মার্ট হচ্ছে। আমরা এখন লোকজনের উপস্থিতি, পোষা প্রাণী, ধোঁয়া, আর্দ্রতা, বিদ্যুচ্চমক এবং স্যাঁতসেঁতে অবস্থা সহজেই পর্যবেক্ষণ ও শনাক্ত করতে পারি। এখন তো সবে শুরু।’