থাকসিনের শক্তি কোথায়
লাখখানেক মানুষের লাল জামার রঙে ভরে গেছে ব্যাংকক। প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তাঘাট লাল জমা পরা ব্যক্তিদের দখলে। যেখানেই চোখ যাবে, শুধু লাল আর লাল। এই লাল জামা পরা ব্যক্তিরা ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইন্স ডিক্টেটরশিপের (ইউএফডিএডি) সমর্থক।প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে গত ১২ মার্চ থেকে লাল জমা পরা লাখখানেক ব্যক্তি অতিরিক্ত জামা-কাপড় ও বিছানা নিয়ে ব্যাংককে আসেন। অবস্থান নেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও সরকারি দপ্তরগুলোর সামনে।আন্দোলনরত লাল শার্ট পরা বেশির ভাগ ব্যক্তিই থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কট্টর সমর্থক। অথচ এই থাকসিন, তাঁর পরিবার ও সরকারের ভয়াবহ দুর্নীতির অভিযোগ এনে ২০০৬ সালের সেপ্টেম্বরে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নিষিদ্ধ করা হয় থাকসিনের থাই রাক থাই পার্টিকে। এরপর থাকসিনের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা করে সরকার। এর মধ্যে রয়েছে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র-পরিচালিত একটি লটারির তহবিল অবৈধভাবে ব্যবহার ও ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যাংককে সরকারি একটি জমি অল্প দামে স্ত্রীকে পাইয়ে দেওয়ার অভিযোগে দুটি দুর্নীতির মামলা। এর মধ্যে শেষের মামলায় গত বছরের ২০ অক্টোবর থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট থাকসিনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। গত ফেব্রুয়ারি মাসে থাকসিনের ১৪০ কোটি ডলার জব্দের রায় দেন সুপ্রিম কোর্ট। থাকসিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানবাধিকার লঙ্ঘনেরও। তবে থাকসিন বরাবরই তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে তা অস্বীকার করেছেন। তাঁর দাবি, টেলিযোগাযোগের ব্যবসা করে কোটিপতি হয়েছেন তিনি। এতসব অভিযোগ সত্ত্বেও থাইল্যান্ডের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী ও নিম্নবিত্ত মানুষের কাছে এখনো ব্যাপক জনপ্রিয় থাকসিন। ২০০১ সালের নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। গ্রামীণ দারিদ্র্য দূর করতে তাঁর নেওয়া পদক্ষেপগুলো বেশ কার্যকর ছিল। ফলে তিনিই থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ পূর্ণ করে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। থাকসিনের সময় দেশে রাজনৈতিক দলের অংশগ্রহণ বাড়ে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনিই প্রথম স্বল্প সুদে ঋণ দেওয়া ও স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রকল্প চালু করেন। থাকসিন থাইল্যান্ডের ৮০ হাজার গ্রামের কৃষক ও দরিদ্র গ্রামবাসীকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য ২০০ কোটি মার্কিন ডলারের গ্রাম তহবিল গঠন করেন। ওই তহবিল থেকে ঋণ নিয়ে হাজার হাজার গ্রামবাসী জীবনে সমৃদ্ধি আনতে পেরেছেন। ২০০৬ সালে সামরিক জান্তার ক্ষমতা দখলের পরই থাইল্যান্ডের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কমতে থাকে জিডিপির প্রবৃদ্ধির হার। লাল শার্ট পরিহিত নেতাদের দাবি, থাকসিনের পর আর কোনো সরকার গ্রামীণ দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত জনগণের জন্য তেমন কোনো উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেনি। তাই বিপুলসংখ্যক জনগণ এখনো থাকসিনকে পছন্দ করেন।থাকসিনের দল থাই রাক থাইকে নিষিদ্ধ করার পর তাঁর অনুসারীরা পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) গঠন করে ২০০৭ সালের নির্বাচনে জয়ী হয়। কিন্তু সেনা আশীর্বাদপুষ্ট দেশের ধনী ও উচ্চমধ্যবিত্তের সমন্বয়ে গড়ে ওঠা বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ও হলুদ শার্ট পরা ব্যক্তিদের আন্দোলনের মুখে থাকসিন অনুসারীদের দুজন প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন। ২০০৮ সালের ডিসেম্বরে থাকসিন-সমর্থিত জোট ইউএফডিএডি হলুদ শার্টের বিপরীতে লাল শার্ট-সমর্থক গোষ্ঠী গড়ে তুলে। হলুদ শার্টের কাছ থেকে লাল শার্ট শিখেছে অব্যাহত আন্দোলন ছাড়া সরকারের পতন ঘটানো যাবে না। থাই টেলিযোগাযোগ শিল্প বিকাশে যাঁর অবদান অনস্বীকার্য, সেই থাকসিন ২০০৭ সাল থেকে দেশছাড়া। তবে টেলিফোন, ভিডিওলিংক ও টুইটারের মাধ্যমে নিয়মিত সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। বিভিন্ন সময় হাজার হাজার লাল শার্ট-সমর্থক জমায়েত হয়ে থাকসিনের ভাষণ শুনেছেন। গত বছরের এপ্রিল মাসে লাল শার্ট-সমর্থকেরা কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করে, এমনকি সামরিক বাহিনীর ব্যুহ ভেদ করে সরকারকে পাতাইয়ায় অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ বৈঠকটি বাতিল করতে বাধ্য করে। এই লাল শার্ট-সমর্থকেরা মূলত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষ। তবে এবারের আন্দোলনে তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সের অনেক নারী, ছাত্রছাত্রী, বৌদ্ধ ভিক্ষু, ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্সিচালক ও সচ্ছল পরিবারের সদস্যরা যোগ দিয়েছে। তারা চাইছে সঠিক গণতন্ত্র এবং রাজনীতির মাঠ ঘোলা করা অনির্বাচিত নেতৃত্বকে উপড়ে ফেলতে। তবে তারা থাকসিনের অন্ধ সমর্থক বা সমর্থক নয়। অনেক লাল শার্ট-সমর্থকদের কাছে প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা একজন অবৈধ এবং অগণতান্ত্রিক শাসক।ব্যাংককের কাছে ননথাবুরি এলাকার ছাত্র নাপাত জয়সিন বলেন, ‘লাল শার্টকে আমি সমর্থন করি। কারণ তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।’ লাল শার্ট-সমর্থকদের আন্দোলনে প্রেরণা দিচ্ছে থাকসিন-সমর্থিত ও বর্তমান সরকার বিরোধী থাইল্যান্ডের বেশ কিছু গণমাধ্যম। বিক্ষোভ মিছিল সংগঠিত ও তহবিল জোগাতে ইউএফডিএডি ডজনখানেক কমিউনিটি রেডিও ও একটি টেলিভিশন চ্যানেল পরিচালনাসহ বেশ কিছু ব্যবসা করে। তাদের ৪০০ আঞ্চলিক সংগঠন পুরো দেশে ইউএফডিএডির রাজনৈতিক মতাদর্শ প্রচার করছে। তবে থাকসিনের সমালোচকদের ভাষ্য, থাকসিন লোক ভাড়া করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আন্দোলনে অংশ নেওয়ায় লাল শার্ট পরা ব্যক্তিদের প্রতিদিন প্রায় ২৫ মার্কিন ডলার করে দিচ্ছেন। ইউটিউবের ভিডিওতে দেখা যায়, লাল শার্টের কিছু অভিযুক্ত কর্মী মিছিলে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তিকে টাকা দিচ্ছে।ব্যাংকক পোস্ট-এর খবরে বলা হয়, এবারের আন্দোলনের জন্য বেশ আগেভাগেই মাঠে নামেন থাকসিন। পুনর্গঠন করেন লাল শার্টের কাঠামো। পুনর্গঠনের অংশ হিসেবে ‘পিপলস আর্মি’ প্রতিষ্ঠা করেন সাবেক পুলিশ কর্মকর্তা থাকসিন। সরকারি এক সেনা কর্মকর্তার বিপরীতে ১০ জন লাল শার্ট-সমর্থককে নিয়োগ করেন তিনি। থাকসিন তাঁর লাল শার্ট আন্দোলনে সরকারি কর্মকর্তাদেরও যুক্ত করেছেন। এ জন্য তিনি প্রায় দুই হাজার সদস্যের রেড শার্ট সিভিল সার্ভেন্ট নামে দল গঠন করেছেন। তবে এবারের আন্দোলনে লাল শার্টের সমর্থকেরা অভিজিত্ সরকারের পতন ঘটাতে পারবে কি না, তা নির্ভর করছে সেনাবাহিনীর ওপর। সেনাবাহিনী চাইলে যেকোনো সময় পদত্যাগ করতে পারেন অভিজিত্।মাহবুব আলম