রেলিশ চাকমা, কেজচাই মারমা, তপন চাকমা ও নয়ন চাকমারা নতুন থাকার ঘর পেয়ে ভীষণ খুশি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে কাচালং শিশুসদনের এই এতিম শিশুদের জন্য থাকার ঘর বানিয়ে দিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন। গত ২৪ জুন ছাত্রাবাসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চলের ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ।বাঘাইছড়ির কাচালং শিশুসদনের ১২৭ শিশুর জন্য পর্যাপ্ত আবাসনব্যবস্থা ছিল না। অনাথ শিশুদের আবাসন-সংকট দূর করার জন্য সেনাবাহিনীর তৈরি এই আধা পাকা ভবনে প্রায় ৫০ জন শিশু থাকতে পারবে। ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে শিশুদের জন্য ২০টি দ্বিতল কাঠের খাট, তোশক, বালিশ ও বিছানা সরবরাহ করেছে সেনাবাহিনী।ছাত্রাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ। তিনি বলেন, ‘শিশুদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আজকের শিশুদের সঠিকভাবে পরিচালিত করে তাদের সুন্দর ও সফল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাদামনের মানুষ ও কাচালং শিশুসদনের প্রতিষ্ঠাতা তিলোকানন্দ মহাথের, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারদর্শী চাকমা প্রমুখ। মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী চিকিৎসাক্যাম্পের উদ্বোধন করা হয়।কাচালং শিশুসদনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, বর্তমানে তিন পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের ১২৭ জন অনাথ শিশু এখানে থেকে লেখাপড়া করছে। এত দিন দুটি জীর্ণ কাঁচাঘরে থাকত শিশুরা। সেনাবাহিনী ঘর নির্মাণ করে দেওয়ায় আবাসন-সমস্যা খানিকটা দূর হলো। উল্লেখ্য, সমাজসেবা কার্যালয়ের অনুদান ও এলাকার বিভিন্ন ব্যক্তির দান করা টাকায় শিশুদের থাকা ও খাওয়ার খরচ মেটানো হয়। শিশুদের তত্ত্বাবধানের জন্য সদনে চারজন ভিক্ষু রয়েছেন। তাঁরা বিদ্যালয়ে পাঠদান ছাড়াও সার্বক্ষণিক দেখাশোনার কাজ করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিলোকানন্দ মহাথেরো অনাথ শিশুদের ভরণ-পোষণের জন্য ১৯৮২ সালে কাচালং শিশুসদন প্রতিষ্ঠা করেন। এটি রাঙামাটি জেলার সবচেয়ে বড় শিশুসদন।খাগড়াছড়ির দীঘিনালা থেকে আসা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভৈরফা দিগন্ত বলে, ‘ভারী বৃষ্টি হলে বেড়ার ঘরে পানি ঢুকে বিছানা ভিজে যায়। এখন এমন সমস্যা হবে না। পাকা ঘরে থাকতে পারব ভেবে অনেক খুশি লাগছে।’