থানচিতে আনন্দ স্কুল কেবল কাগজে-কলমে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলায় ৬৯টি আনন্দ স্কুলের বেশির ভাগেরই বাস্তব অস্তিত্ব খঁুজে পাওয়া যায়নি। এসব বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারের বরাদ্দ করা বেতন–ভাতা পান নিয়মিত। মাসের নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির টাকাও তুলে দেওয়া হয়। ওই দিন ছাড়া শিক্ষক-শিক্ষার্থী কারোরই দেখা পাওয়া যায় না। লেখাপড়াও হয় না। এসব বিদ্যালয়ের অস্তিত্ব কেবল কাগজে–কলমেই।
বিদ্যালয় থেকে ছিটকে পড়া দরিদ্র শিশুদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ‘আনন্দ স্কুল’ সারা দেশের মতো থানচিতেও চালু রয়েছে। কিন্তু এ দুর্গম উপজেলায় এই কর্মসূচি কতটুকু বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কে কোনো ধারণা নেই বান্দরবান জেলা শিক্ষা কার্যালয়েরও। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ।
এদিকে সোনালী ব্যাংক থানচি শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান জানান, তাঁরা প্রত্যেক ইউনিয়নে গিয়ে একসঙ্গে শিক্ষক ও ছাত্রছাত্রী সবাইকে বেতন-ভাতা এবং শিক্ষাবৃত্তির টাকা দিয়ে থাকেন। প্রত্যেক শিক্ষার্থী ৮০ টাকা ও শিক্ষকেরা তিন হাজার টাকা ভাতা পান। এ সময় একসঙ্গে টাকা নিতে এলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান, টাকা নেওয়ার মধ্যেই কেবল এই বিদ্যালয়গুলোর কার্যক্রম সীমাবদ্ধ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নথিপত্রে দেখা গেছে, উপজেলার চারটি ইউনিয়নে ৬৯টি আনন্দ স্কুলে এক হাজার ৩৭২ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার সুযোগবঞ্চিত শিশু প্রকল্পের আওতায় পরিচালিত এ বিদ্যালয়গুলোতে ঝরে পড়া দরিদ্র শিশুদের পড়ানোর কথা। কিন্তু বিভিন্ন পাড়ায় গিয়ে এ বিদ্যালয়গুলোর অস্তিত্ব খঁুজে পাওয়া যায়নি। এলাকার লোকজনও বলতে পারেননি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা কোথায়।
উপজেলা সদর থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে চান্দাকপাড়ার আনন্দ স্কুলের সন্ধানে গেলে পাড়াবাসী জানান, তাঁরা বিদ্যালয়টি সম্পর্কে জানেন না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থুই অং মারমাকে খঁুজে বের করে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষিকা নিয়মিত না আসায় বিদ্যালয় চলে না। কাগজে-কলমে দুই বছর ধরে বিদ্যালয় চললেও ছাত্রছাত্রীরা ২০১৩ সালে শিক্ষাবৃত্তি, পোশাক কোনো কিছুই পায়নি।
বিদ্যামনিপাড়ার বাসিন্দা ম্রাসাং উ ও মুইহ্লা প্রু বলেন, এই পাড়ার আনন্দ স্কুলের শিক্ষিকা মাঝেমধ্যে বিদ্যালয়ে আসেন। তিনি কখন আসবেন জানা না থাকায় ছাত্রছাত্রীদের পাওয়া যায় না।
মুঠোফোনে কয়েকজন শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে না যাওয়ার কথা স্বীকার করেন। তবে তাঁরা অভিযোগ করেন, বিদ্যালয় না চলার পেছনে তাঁদের দায় নেই। এ জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়কারী দায়ী। তাঁরা যথাসময়ে পাঠ্যবই, খাতাপত্র, পোশাক, শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি ৮০ টাকা ও বিদ্যালয়ের জন্য বাড়িভাড়ার টাকা না দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিভাবকেরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে রাজি হচ্ছেন না।
বিদ্যামনিপাড়ার আনন্দ স্কুলের শিক্ষিকা নুমেউ মারমা ও জিনিঅংপাড়ার শিক্ষিকা মেপ্রু মারমা অভিযোগ করেন, তাঁরা ব্যাংক থেকে টাকা তুলে তিন হাজার টাকা বেতন হিসেবে রেখে বাকি টাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়কারীর হাতে তুলে দিয়েছেন।
তাঁরা আরও অভিযোগ করেন, গত বছর সব শিক্ষকের কাছ থেকে চেক নিয়ে এই দুই কর্মকর্তা টাকা তুলে নিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের কাউকে শিক্ষাবৃত্তি, পোশাক ও ব্যাগ দেওয়া হয়নি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন ও প্রশিক্ষণ সমন্বয়কারী রজব আলী (বর্তমানে উভয়ে বদলি হয়েছেন) শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, শিক্ষক-শিক্ষিকারা স্কুলে না গিয়ে বেতন-ভাতা দাবি করেন। না দিলে ভিত্তিহীন অভিযোগ তুলে চাপ দিতে থাকেন। চেক নেওয়ার অভিযোগও সত্য নয় বলে দাবি করেন তাঁরা।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘প্রশাসনের সমন্বয়ের অভাব আছে। থানচির স্কুলগুলোরও কিছু সমস্যা থাকতে পারে। আমরা সঠিকভাবে কিছু জানি না।’