থানচিতে ঝুলন্ত সেতু পরিত্যক্ত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত ঘোষিত থানচির সেংগুম ঝিরির ঝুলন্ত সেতুর পাটাতন খুলে নেওয়া হয়েছে। ছবিটি থানচি বাজার থেকে ১২ জানুয়ারি তোলা l প্রথম আলো
পরিত্যক্ত ঘোষিত থানচির সেংগুম ঝিরির ঝুলন্ত সেতুর পাটাতন খুলে নেওয়া হয়েছে। ছবিটি থানচি বাজার থেকে ১২ জানুয়ারি তোলা l প্রথম আলো

বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজারসংলগ্ন সেংগুম ঝিরির ওপর এক যুগেরও বেশি সময় আগে নির্মাণ করা হয়েছিল ঝুলন্ত সেতু। সেতুটি দিয়ে উপজেলার দক্ষিণ অংশের চান্দাকপাড়া, নারিকেলপাড়া, তংখ্যংপাড়া, শাহজাহানপাড়ার মানুষজন বাজার ও সদরে সহজে যাতায়াত করতেন। সেতু পার হতে সময় লাগত বড়জোর দুই থেকে তিন মিনিট। তবে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বর্তমানে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে চলাচলে দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার লোকজন।
থানচি বাজারের লোকজন বলেন, যোগাযোগের সুবিধার জন্য ২০০২-২০০৩ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সেংগুম ঝিরির ওপর সেতুটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের পর থেকে মেরামত বা সংস্কার না হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেতু নির্মাণের ফলে টিঅ্যান্ডটিপাড়া, চান্দাকপাড়াসহ দক্ষিণাংশের মানুষের যাতায়াত সহজ হয়। তবে সেতুটি পরিত্যক্ত হওয়ায় এখন পাহাড়ি পথে অনেক দূর ঘুরে বাজারে যাওয়া-আসা করতে হচ্ছে বলে পাড়াবাসী জানিয়েছেন।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, প্রায় এক যুগ আগে নির্মিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঝুলন্ত সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। এ জন্য দুর্ঘটনা এড়াতে সেতুর পাটাতন খুলে দিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
টিঅ্যান্ডটিপাড়ার হাসিনা বেগ ও মোহাম্মদ সোহেল বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিসিএলের (টিঅ্যান্ডটি) কার্যালয় বাজারের দক্ষিণ পাশে অবস্থিত। কার্যালয়ে যাতায়াত করতে হয় সেতু পার হয়ে। সেতুটি পরিত্যক্ত হওয়ায় অনেক ঘুরে লোকজনকে টিঅ্যান্ডটি কার্যালয়ে যেতে হচ্ছে।
এ ছাড়া চান্দাকপাড়া, নারিকেলপাড়া, তংখ্যংপাড়া, শাহজাহানপাড়াসহ উপজেলা সদরের দক্ষিণ পাশের পাড়ার মানুষজন এই ঝুলন্ত সেতু দিয়ে যাতায়াত করতেন।
চান্দাকপাড়ার বাসিন্দা নুমংপ্রু মারমা বলেন, টিঅ্যান্ডটিপাড়া থেকে থানচি বাজারের দূরত্ব ১০০ গজের বেশি নয়। কিন্তু ঝুলন্ত সেতু পরিত্যক্ত হওয়ায় এখন যেতে হয় পাহাড় ডিঙিয়ে ও ঝিরি পার হয়ে। এতে সময়ও লাগে অনেক বেশি। দূর থেকে মালামাল নিয়ে বাজারে আসা কৃষকদের ভোগান্তি বেড়েছে। সেতুটি বন্ধ হওয়ায় বাজারের অনেক ব্যবসায়ীর ব্যবসাও কমে গেছে।

উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, নতুনভাবে নির্মাণ না করলে সেতুটি ব্যবহার উপযোগী করা সম্ভব হবে না। উপজেলা পরিষদ থেকে এত বড় কাজ করা সম্ভব নয়। এ জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, উন্নয়ন বোর্ড ঝুলন্ত সেতুর কিছু দূরে একটি গার্ডার সেতু নির্মাণ করেছে। সেই সেতুর ওপর দিয়ে লোকজন নিরাপদে চলাচল করতে পারে। বেশিসংখ্যক লোকজন চলাচলের জন্য ঝুলন্ত সেতু নিরাপদ নয় বলে তিনি মন্তব্য করেন।