থানচিতে পপিচাষিদের পুনর্বাসনের উদ্যোগ
বান্দরবানের সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও আশপাশের এলাকায় বসবাসরত পপি চাষি দরিদ্র আদিবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় চার শ পরিবারকে পুনর্বাসনের জন্য জেলা পরিষদ থেকে সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির ওপর একটি মূল্যায়ন প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন বড় মদক ও বনাঞ্চলের লেইক্রে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ৯০-এর দশকে বহিরাগত সন্ত্রাসী দলের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে প্রথম পপি চাষ শুরু হয়েছিল। পরে বনাঞ্চলসংলগ্ন রেমাক্রি ইউনিয়নের আন্ধারমানিক, বড় মদক, ছোট মদক, রেমাক্রি ও চাইফংসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তখন নদী ও খালের তীরবর্তী, পাহাড়ের পাদদেশের সমতলে শত শত একর জমিতে পপি চাষ হতো। রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান আপ্রু মং মারমা জানিয়েছেন, পপি চাষের বিষয়টি পত্রপত্রিকায় লেখালেখি হওয়ার পর ২০০১ সাল থেকে নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে শুরু করে। ২০০৪ সালে অভিযান চালিয়ে ২০৯ পরিবার অবৈধভাবে বসবাসকারী আদিবাসীকে সংরক্ষিত বনাঞ্চল থেকে সরিয়ে নিয়ে আন্ধারমানিক, বড় মদকসহ বিভিন্ন পাড়া-গ্রামে আশ্রয় দেওয়া হয়। বনাঞ্চলে পপি চাষ শুরুর কাহিনি: ৯০-৯১ সালে বহিরাগতদের আধিপত্যে থাকাকালে সীমান্তসংলগ্ন সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলে পপি চাষ শুরু হয়। বড় মদক ও রেমাক্রির প্রবীণ ব্যক্তিরা জানান, বহিরাগতরা মিয়ানমার থেকে বীজ নিয়ে এসে সংরক্ষিত প্রাকৃতিক বন কেটে প্রথম পপি উৎপাদন ও গোপন পথে তা পাচার করত। লাভজনক দেখে দ্রুত সাধারণ আদিবাসী জুমিয়ারাও পপি চাষ করতে থাকেন। বহিরাগতরাই তাঁদের সুবিধার্থে রেমাক্রি ইউনিয়নের দরিদ্র লোকজনকে সংরক্ষিত বনাঞ্চলে বসবাসে উদ্বুদ্ধ ও আশ্রয় দিয়ে থাকেন বলে সূত্র জানায়। তবে পপি চাষের মৌসুম শুরুর আগে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করায় এ বছর অত্যন্ত নগণ্য পরিমাণ পপি চাষ হয়েছে বলে রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান আপ্রমং মারমা জানিয়েছেন। এখন পুনর্বাসনের উদ্যোগ: পপি চাষের সঙ্গে সম্পৃক্ত আদিবাসীদের বিকল্প চাষপদ্ধতি দিয়ে পুনর্বাসনের বিগত কয়েক বছর ধরে পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন পর্যায়ে গড়াতে পারেনি। সূত্র জানায়, গত বছরের ৩০ জুন সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি মূল্যায়ন শীর্ষক প্রধানমন্ত্রীর দপ্তরে একটি প্রতিবেদন দেয়। এতে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা ও ১৪ দফা করণীয় সুপারিশের মধ্যে পপি বা মাদক চাষিদের পুনর্বাসনের জন্যও সুপারিশ করা হয়। এ সুপারিশের ভিত্তিতে জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পপি চাষের সঙ্গে সম্পৃক্ত ও দরিদ্র আদিবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে সূত্রগুলো জানায়। জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন, বড় ও ছোট মদক এলাকায় পুনর্বাসনের সম্ভাব্যতা যাচাইয়ের ও স্থান নির্ধারণের জন্য কৃষিবিদদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর পুনর্বাসনের বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে অবিলম্বে পার্বত্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ প্রকল্পে সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের পপি চাষের সঙ্গে যুক্ত আদিবাসীদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা বাহিনীর পপি চাষ ধ্বংসের অভিযান: চাষিদের পুনর্বাসনের উদ্যোগের পাশাপাশি পপি চাষ ধ্বংস করার জন্য ২০ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযানও চলছে। সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও আশপাশের গহিন অরণ্যে পপি চাষের জমি অনুসন্ধান করে তা ধ্বংস, চাষের সঙ্গে যুক্ত আদিবাসীদের পপি চাষ ত্যাগে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে তিন বাহিনীর শতাধিক সদস্য অংশ নিয়েছে বলে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে। ২৩ ফেব্রুয়ারি বান্দরবানের জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান ও চট্টগ্রাম-বান্দরবানের কয়েকজন সামরিক হেলিকপ্টার যোগে অভিযান এলাকা পরিদর্শন করেছেন। অভিযানে এ পর্যন্ত সাতটি ছোট আকারের পপিখেত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট লোকজনের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান আরও সপ্তাহখানেক ধরে চলবে বলেও জানা গেছে।