স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, প্রকল্প বাস্তবায়ন, পল্লী উন্নয়ন ও সমবায়সহ গুরুত্বপূর্ণ ১৭টি বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বান্দরবানের থানচি উপজেলার কর্মস্থলে নিয়মিত উপস্থিত হন না। এসব বিভাগের অধিকাংশ কর্মকর্তা অতিরিক্ত বা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে।
কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কাবিখা-কাবিটাসহ বেশির ভাগ উন্নয়নকাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন থানচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।
৪ ফেব্রুয়ারি থানচি উপজেলা সদরে গিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল, প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন, সমবায়, সমাজসেবাসহ বেশ কয়েকটি কার্যালয়ে কোনো লোকজন পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকেও কার্যালয়ে পাওয়া যায়নি।
হাসপাতালে একজন চিকিৎসক ও একজন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও (ইউএইচএফপিও) উপস্থিত ছিলেন না। তাঁর কার্যালয়টিও ছিল তালা বন্ধ। উপস্থিত চিকিৎসক রিপন দত্ত বলেন, পানি ও বিদ্যুৎসহ মানবিক সুবিধা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা থাকতে চান না।
রিপন দত্ত জানান, থানচি উপজেলার স্বাস্থ্য বিভাগে মোট ৮৩ জন কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তিনজন চিকিৎসক থাকার কথা। কিন্তু ১২ জনের মধ্যে বর্তমানে দুজন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। নয়জন সেবিকার পদ থাকলেও পাঁচজনকে এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে মাত্র একজন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। অন্যরা জেলা সদরে সংযুক্তিতে রয়েছেন। এ ছাড়া স্বাস্থ্যসহকারীসহ আরও অন্যান্য পদে ৬০ জন কর্মচারীকে পদায়ন করা হলেও অধিকাংশই কর্মস্থলে আসেন না।
থানচির উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা বলেন, থানচি উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ চারজন কৃষি কর্মকর্তার পদ শূন্য। রুমা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে থানচি উপজেলার কজকর্ম দেখভাল করেন। ২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্যে ১৬ জন কর্মরত রয়েছেন। কিন্তু কয়েকজন ছাড়া অধিকাংশ কর্মকর্তাই মাসের শেষে কর্মস্থলে আসেন।
এ বিষয়ে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা সরকারি কর্মকর্তাদের কার্যালয়ের সমস্যার বিষয়টি তুলে ধরলেন। তিনি বলেন, নির্মাণাধীন উপজেলা পরিষদ ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত রাখা কঠিন।
থানচিতে কর্মরত কয়েকজন সরকারি কর্মচারীও একই কথা বলেন। তাঁরা বলেন, ১৯৮০ সালে নির্মিত টিনের ছাউনি ও বাঁশের বেড়ার উপজেলার বিভিন্ন দপ্তরের ভবনগুলো জীর্ণশীর্ণ হয়ে পড়েছে।
থানচি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংথোয়াইম্যা বলেন থানচিতে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টি প্রশাসনের সবারই জানা। এ ব্যাপারে অভিযোগ দিলেও কোনো কাজ হয় না।
থানচির রেমাক্রি ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ও বলীপাড়া ইউপি চেয়ারম্যান বাশৈচিং মারমা বলেন, উপজেলা প্রকৌশলী হলেন ভারপ্রাপ্ত। নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে থানচির কাজকর্মও দেখছেন। এই দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বেশিরভাগ সময়ই থানচির কর্মস্থলে আসেন না। এ কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, কাবিখা-কাবিটা বাস্তবায়নের কোনো কাজ করা হচ্ছে না।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও বিজিবি ছাড়া অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কর্মস্থলে থাকেন না। কর্মকর্তারা বেশির ভাগই হয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নয়তো ভারপ্রাপ্ত বলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, অধিকাংশ বিভাগের কর্মকর্তা ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বে আছেন। কোনো বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন নেই। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে নিয়মিত আসতে পারছেন না। এ কারণে উন্নয়নকাজ যথাসময়ে শেষ করা সম্ভব হচ্ছে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির দরপত্রও আহ্বান করা যায়নি এখনো।