থানচির ইউএনও কার্যালয় এখনো বান্দরবানে!
নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পার্বত্য চুক্তির আগে থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় বান্দরবান জেলা সদরে স্থানান্তরিত হয়েছিল। কিন্তু পর্বত্য শান্তি চুক্তির প্রায় ১৭ বছর অতিক্রান্ত হলেও এখনো ইউএনওর কার্যালয় থানচিতে ফিরিয়ে নেওয়া হয়নি। বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের একটি কক্ষেই চলছে থানচির ইউএনওর কার্যক্রম।
কোনো সরকারি আদেশ ছাড়াই জেলা প্রশাসকের ভবনে থানচির ইউএনওর কার্যালয় চলছে। বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী থানচির ইউএনও কার্যালয় থানচিতে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে।
এদিকে ইউএনও কার্যালয় এখনো থানচি না গেলেও যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান থানচি উপজেলার চেয়ারম্যান। ২০ অক্টোবর তিনি জানান, ইউএনও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
থানচি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পার্বত্য চুক্তির এক বছর আগে ১৯৯৬ সালে ইউএনওসহ বেশ কয়েকজনকে ইঞ্জিনচালিত নৌকায় থানচি যাওয়ার পথে অপহরণ করা হয়েছিল। এর আগে ১৯৮৮ সালে উপজেলা চেয়ারম্যানকে তাঁর বাসভবনে বন্দুকধারীরা গুলি করে। তখন থেকে নিরাপত্তার কারণে থানচির ইউএনও দপ্তরটি জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত হয়ে আসছে। পার্বত্য চুক্তির পরও উপজেলা পরিষদ কার্যালয়ের অবকাঠামো না হওয়ায় সেটি আর ফিরিয়ে নেওয়া হয়নি।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, দেশের মধ্যে থানচি হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা। বছরে এ উপজেলায় দুই-তিনটাও মামলা হয় না। অথচ সেখানে নিরাপত্তাহীনতা ও অবকাঠামো না থাকার দোহাই দিয়ে ইউএনও কার্যালয় জেলা শহরে রাখা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। ইউএনও কার্যালয় জেলা শহরে হওয়ায় উপজেলা প্রকৌশলী, প্রকল্প কর্মকর্তাসহ সবাই থানচিতে না গিয়ে জেলা শহরের আবাসিক হোটেলে বসে দাপ্তরিক কাজকর্ম করে থাকেন। এ জন্য তিনি দীর্ঘদিন ধরে থানচির ইউএনও কার্যালয় থানচিতে নেওয়ার দাবি জানিয়ে আসছেন বলে উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন।
থানচির ভারপ্রাপ্ত ইউএনও (বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা) আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম থানচির কার্যালয় থানচিতে নেওয়ার নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কিছু সমস্যা থাকা সত্ত্বেও কয়েক দিনের মধ্যে ইউএনও কার্যালয় থানচিতে নেওয়া হবে।
উপজেলা পরিষদ কার্যালয় ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। এক বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।