থানচির জরাজীর্ণ ডাকঘরে দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার ডাকঘর ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির নড়বড়ে টিনের ছাউনি ও বাঁশের বেড়ার পতন ঠেকাতে খঁুটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে টিনের ছাউনি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা আশঙ্কা করেছেন।
থানচি উপজেলার ডাকঘর ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কথা স্বীকার করেছেন বান্দরবানের সহকারী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা। তাঁরা জানান, উপজেলাটি দুর্গম হওয়ায় সেখানে কোনো ঠিকাদার কাজ করতে রাজি হননি। এ জন্য দুবার দরপত্র আহ্বান করার পরও থানচি ডাকঘর নির্মাণ করা সম্ভব হয়নি।
দীর্ঘদিন ধরে থানচি ডাকঘরে কর্মরত ভোলানাথ চক্রবর্তী বলেন, ১৯৮৬ সালে নির্মিত আধা পাকা ডাকঘরটি আট-নয় বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিজেদের নিরাপত্তার জন্য ভবনটি ধসে পড়া থেকে রক্ষা করতে ঠেস দিয়ে রেখেছেন তাঁরা। কিন্তু এখন ঠেস দিয়েও এর বেড়া ও ছাউনি ঠেকিয়ে রাখা যাচ্ছে না। বাঁশের বেড়াগুলো ক্ষয়ে গিয়ে ঝরে পড়ছে।
থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য স্বপন কান্তি দাশ বলেন দুর্গম থানচি উপজেলায় ডাকঘরসহ চার-পাঁচটি অফিস নিয়মিত খোলা থাকে। এখানে মুঠোফোনের নেটওয়ার্ক পাওয়া গেলেও তথ্য আদান–প্রদানে এখনো কোনো অনলাইন বা ডিজিটাল ব্যবস্থা চালু হয়নি। তাই মানুষ অনেকাংশে ডাকঘরের ওপরই নির্ভরশীল।
ডাকঘর এলাকার বাসিন্দা অনীল বড়ুয়া বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সদস্যসহ যাঁরা নিয়মিত থানচিতে থাকেন, তাঁরা ডাকঘরের মাধ্যমে চিঠিপত্র ও টাকাপয়সা পাঠান। সরকারি–বেসরকারি দপ্তরের চিঠিপত্রও এখনো ডাকে আদান-প্রদান হয়ে থাকে। সে জন্য ডাকঘরের একটি ভবন থাকা জরুরি। তাঁরা বলেন, ডাকঘরটি দেখে সরকারি কার্যালয় মনে হয় না। সাইনবোর্ড না থাকলে মানুষ মনে করবে এটি গোয়ালঘর। এ রকম অবস্থায় একটি সরকারি দপ্তর চলতে পারে না।
ডাকঘরের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কাজ কম হওয়ায় এখন চারজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতি মাসে গড়ে ৪০-৫০টি নিবন্ধিত ও কয়েক শ সাধারণ ডাকের চিঠি পাওয়া যায়। জিইপি চালু না থাকায় মানি অর্ডারেও অনেকে টাকা পাঠিয়ে থাকেন।
বান্দরবানের সহকারী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন) প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, থানচি দুর্গম উপজেলা বিবেচনায় নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।