থানচির বৌদ্ধবিহারে থাইল্যান্ডের উপহার
বান্দরবানের থানচির একটি বৌদ্ধবিহারে বৌদ্ধমূর্তি, চীবরসহ (বৌদ্ধভিক্ষুদের পরনের কাপড়), নানা উপহারসামগ্রী পাঠিয়েছে থাইল্যান্ড সরকার। এ উপলক্ষে থানচির পশ্চিম বলীপাড়া ধাম্মাজিয়া বৌদ্ধবিহারে ২২ এপ্রিল বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শত শত আদিবাসী ও সমতলের ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী সম্মেলনে অংশ নেন। মহাসম্মেলনে বিহারাধ্যক্ষ উঃ পাইন্ডিতাকে মহাথের থেকে মহাস্থবির হিসেবে অভিষিক্ত করা হয়। শুক্রবার সকালে বিহার প্রাঙ্গণে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহাসম্মেলন শুরু হয়। এ সময় প্রার্থনায় দেশের ও বিশ্বের সব প্রাণীর শান্তি কামনা করা হয়। এরপর মঙ্গলবাণী উচ্চারণ, ভিক্ষু সঙ্ঘের পিণ্ডচরণ ও পিণ্ডদান অনুষ্ঠিত হয়। বিকেলে ধর্মীয় দেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সাংসদ বীর বাহাদুর। বিহারাধ্যক্ষ উঃ পাইন্ডিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আমেরিকার বাংলাদেশ বৌদ্ধবিহারের অধ্যক্ষ সত্যানন্দ ভিক্ষু, কুমিল্লার নব শালবন বিহারের প্রতিষ্ঠাতা শীলভদ্র মহাথের, করুণা শিশুসদনের মহাপরিচালক জ্ঞানশ্রী মহাথের, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা পরিষদ সদস্য অংপ্রু ম্রো, থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো ও শীলভদ্র তালুকদার। বিহারাধ্যক্ষ উঃ পাইন্ডিতা মহাস্থবির জানিয়েছেন, ‘থাইল্যান্ড থেকে এ বছর থানচি উপজেলার জন্য চারটি বৌদ্ধমূর্তি, ৪৩২টি চীবর, ১৩০টি ভিক্ষাপাত্র, ১৫০টি পাখা ও ২৫০টি ভিক্ষুদের দানপাত্র দেওয়া হয়েছে।’ তাঁর ভিক্ষুজীবনের ২০ বছর পূর্তি ও থাইল্যান্ড থেকে পাওয়া উপহারসামগ্রী বিতরণ উপলক্ষে বৌদ্ধ মহাসম্মেলন আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।