থানচির ৩১ শয্যার হাসপাতালে অন্তবিভাগ চালু হয়নি ১৮ বছরেও
১৮ বছরেও চালু হয়নি বান্দরবানের থানচির ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তবিভাগ (ইনডোর)। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, পানি, বিদ্যুৎ ও জনবলের সংকটের কারণে মূলত হাসপাতালে অন্তবিভাগ চালু করা যায়নি। অন্তবিভাগ না থাকায় দুর্গম এই এলাকার রোগীরা বঞ্চিত হচ্ছেন চিকিৎসাসেবা থেকে।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার হাসপাতাল ১৯৯৮ সালে চালু হয়। তখন থেকেই বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে অন্তবিভাগ চালু না হওয়ায় এত বছরেও কোনো রোগী ভর্তি করা যায়নি।
তবে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তবিভাগ চালু না হওয়ার জন্য প্রশাসনের আন্তরিকতার অভাবকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, ‘কয়েক মাস আগেও স্বাস্থ্য বিভাগ বলেছে, থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তবিভাগ চালু করার জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নেই। অনুমোদনের জন্য সিভিল সার্জনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিঠি লিখেছেন মন্ত্রণালয়ে। কিন্তু মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তবিভাগ চালুর জন্য ১৯৮০ সাল থেকে স্থায়ী আদেশ রয়েছে। বিষয়টি জানার পর বান্দরবানের সিভিল সার্জন দ্রুত থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তবিভাগ চালুর জন্য গত ৩ মে নির্দেশ প্রদান করেন। কিন্তু এরপরও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।
উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ নানা সময়ে নানা কথা বলছে। একবার বলা হলো, পানি সরবরাহ না থাকলে হাসপাতালে অন্তবিভাগ চালু করা যাবে না। জেলা পরিষদ ও উপজেলা পরিষদের উদ্যোগে দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা করার পর এখন বলা হচ্ছে বিদ্যুৎ ও জনবল নেই। বিদ্যুৎ ছাড়াই অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তবিভাগ চলছে। এ ছাড়া হাসপাতালের কর্মচারীদের বিভিন্ন জায়গায় সংযুক্তিতে রেখে জনবলের কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি রোগীদের খাবার সরবরাহের সমস্যার বিষয়টি তোলেন।
এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন উদয় শংকর চাকমা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থানচি হাসপাতালে অন্তবিভাগ চালুর জন্য চিঠি লিখেছেন। দ্রুত চালুর জন্য তঁাকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন এখনো চালু করা হচ্ছে না, তা অবহিত করা হয়নি। গত মাসে চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকেও থানচি হাসপাতালে অন্তবিভাগ চালুর ব্যাপারে আলোচনা হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংটিং ঞো মারমা বলেন, বিদ্যুৎ ও জনবল না থাকায় হাসপাতালে অন্তবিভাগ চালু করা অসম্ভব। হাসপাতালের সেবিকা, নিরাপত্তা প্রহরীসহ অধিকাংশ কর্মচারী সংযুক্তিতে জেলা সদরসহ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। সার্বক্ষণিক কাজ করার জন্য হাসপাতালে কোনো জনবল নেই।