ময়লা–আবর্জনা ছড়িয়ে আছে চারপাশে। বিক্রেতাদের বসার জন্য নির্মিত ছাউনিগুলোর অধিকাংশই জীর্ণ হয়ে পড়েছে। ভরাট হয়ে যাওয়া নালা থেকে উপচে পড়ছে নোংরা পানি। চট্টগ্রামের পটিয়া উপজেলার সবচেয়ে বড় বাজার থানার হাটের এমন অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষুব্ধ বিক্রেতারা।
পটিয়া পৌরসভা সূত্র জানায়, পটিয়া পৌর সদরের রেলস্টেশন–সংলগ্ন এলাকায় থানার হাট বসে প্রতি শুক্র ও সোমবার। হাটে গরু, মহিষ, ছাগল, মাছ ও মাংসসহ তরি-তরকারি বেচাকেনা হয়। চলতি অর্থবছরে হাটটি ৭২ লাখ টাকায় পৌরসভার কাছ থেকে এটি ইজারা নেন প্রবাসী আবু তাহের নামের এক ব্যবসায়ী। তাঁর হয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বিক্রেতাদের কাছ থেকে হাটের হাসিল আদায় করছেন।
২৮ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, হাটের পূর্ব ও দক্ষিণ পাশে বড়সড় ময়লার স্তূপ। বাজারের ভেতর নালাগুলো থেকে ময়লা পানি উপচে পড়ছে। বিক্রেতাদের বেচাকেনার ছাউনিগুলোর অধিকাংশ জরাজীর্ণ। অনেক বিক্রেতা খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে দোকান বসিয়েছেন। হাটের একাংশজুড়ে গবাদিপশুর বেচাকেনার স্থান। সেখানেও দুর্গন্ধ ছড়াচ্ছে গোবরের স্তূপ। মাছ-মাংসের বাজারে থকথকে কাদা ও ময়লা। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষায় পানি জমে থাকে হাটে। বিক্রেতাদের অভিযোগ, পৌরসভা হাটটির উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়নি। পাশাপাশি হাট থেকে মোটা অঙ্কের হাসিল আদায় করলেও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য কোনো উদ্যোগ নেয়নি ইজারাদার কর্তৃপক্ষ।
মাংস বিক্রেতা মোহাম্মদ ওসমানকে প্রতি হাটবারে সাত শ টাকা হাসিল বাবদ দিতে হয় ইজারাদারকে। কিন্তু দুর্গন্ধের জন্য তিনি নিজেই দোকানে বসতে পারেন না বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের দোকানের পেছনে ময়লা স্তূপ করে রাখা হয়েছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ময়লা পরিষ্কার করি। বাজারের ভেতরের নালাগুলোও পরিষ্কার করা হয় না। গরু-মহিষের হাটে জমছে গোবরের স্তূপ। সেখান থেকেও উৎকট দুর্গন্ধ আসে।’
হাটের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে বসে তরকারি বিক্রি করেন কছুয়াই গ্রামের নুরুল আমিন। তাঁর কাছে হাটের বিষয়ে জানতেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এটি হাট নয়, গরুর গোয়াল। বর্ষাকালে এখানে হাঁটু পরিমাণ ময়লা কাদাপানিতে বসে বেচাকেনা করতে হয়। এতে অর্ধেক তরকারি নষ্ট হয়ে যায়। আমরা তো হাসিল দিচ্ছি। তবু উন্নয়ন হচ্ছে না কেন?’
ইজাররা গ্রহীতা গ্রুপের একজন অংশীদার মফিজুর রহমান বলেন, ‘আমরা ময়লা পরিষ্কার করে এক জায়গায় স্তূপ করে রাখি। ঝাড়ুদারেরা এ জন্য বিক্রেতাদের কাছ থেকে টাকা নেন। গত কয়েক বছরে হাটে একটি ছাউনি নির্মাণ ছাড়া পৌরসভা আর কোনো উন্নয়ন করেনি।
তিনি বলেন, গরুর বাজারের পাশে শৌচাগার থাকলেও সেটি নোংরা হয়ে পড়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এত বিশাল বাজারে অন্তত আরও দুই থেকে তিনটি নলকূপ ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য একটি শৌচাগার দরকার।
পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, ‘থানার হাটটি প্রতিষ্ঠা করা হয়েছিল নিচু জায়গায়। আমি দায়িত্ব নেওয়ার পর ওই বাজারের কাঁচা সড়ক ও নালা নির্মাণসহ প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার উন্নয়নকাজ করেছি। বাজারটিকে দোতলা ভবনে স্থানান্তরিত করার পরিকল্পনা আছে। এ জন্য দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। তখন আর কোনো সমস্যা থাকবে না।’