কারও বিরুদ্ধে কোনো মামলা করতে থানায় গেছেন। পুলিশ কর্মকর্তাকে সব খুলে বললেন ঘটনার বিষয়ে। পুলিশ কর্মকর্তা আপনাকে থানায় লিখিত এজাহার করতে বললেন। কিন্তু আপনি কীভাবে এজাহার করবেন, তা বুঝতে পারছেন না। পুলিশ লিখিত এজাহার ছাড়া মামলাও নিতে চাইল না। আপনাকে প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হতে হলো। অনেক সময় এজাহার করার নিয়মকানুন জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। মনে রাখতে হবে, এজাহার করার সময় সতর্ক না থাকার কারণে মামলার বিচারে এর প্রভাব পড়ে। নিয়ম অনুযায়ী, এজাহারকারী যদি মৌখিক বিবৃতি দেন, তাহলে তা লিখিত আকারে নিয়ে এজাহারকারীকে পড়ে শোনাতে হবে এবং তাঁর সই নিতে হবে। যে কর্মকর্তা এজাহার লিখবেন, তিনিই সিল মারবেন এবং সই দেবেন। কোনো আমলযোগ্য অপরাধের ঘটনা থানায় এলে তা মৌখিক আর লিখিত যা-ই হোক, এজাহার হিসেবে নিতে থানা বাধ্য থাকবে।
যা জানতে হবে
কোনো ঘটনা সম্পর্কে কাছের কোনো থানায় এজাহার করতে হবে। এজাহারের আবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখতে হবে। সাদা কাগজের এক পিঠে লিখতে হবে। কম্পিউটারে কম্পোজ করে দেওয়া ভালো। ঘটনার পূর্ণ বিবরণ, ঘটনার স্থান, সময়, কীভাবে ঘটনা ঘটল, তার বিবরণ স্পষ্টভাবে লিখতে হবে। এজাহারকারীর পূর্ণ ঠিকানা ও সই থাকতে হবে। যদি মৌখিকভাবে থানায় এজাহার দেওয়া হয়, তাহলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা তা লিপিবদ্ধ করবেন। এজাহারকারীর উচিত কী লিখলেন, তা শুনতে চাওয়া। পুলিশ কর্মকর্তাও এজাহার শোনাতে বাধ্য। এজাহারকারীকে অবশ্যই সই দিতে হবে। পুলিশ কর্মকর্তাকে এজাহারকারীর কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে নিতে হবে, যাতে কোনো গরমিল না হয়। এজাহারে উল্লেখিত অপরাধ যদি ধর্তব্য অপরাধ হয়, কিংবা এমন কোনো ঘটনা, যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নিলে আসামিদের ধরা যাবে বা শনাক্ত করা যাবে, সে ক্ষেত্রে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। আর যদি এজাহারে বর্ণিত বিষয়টি ধর্তব্যমূলক না হয় বা পুলিশের কাছে গ্রহণযোগ্য না হয়, তবে পুলিশ এ-সংক্রান্ত প্রতিবেদন যথাযথ ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বা তদন্তের জন্য অনুমতি নেবে। ঘটনা সংঘটিত হওয়ার কত দিনের মধ্যে পুলিশকে জানাতে হবে বা এজাহার করতে হবে, তার কোনো সুনির্দিষ্ট সময় দেওয়া নেই আইনে। তবে এজাহার করতে বিলম্ব করা উচিত নয়। দেরিতে এজাহার দায়ের মামলাকে দুর্বল করে। তবে কোনো কারণে এজাহার করতে বিলম্ব হলে, তার সুনির্দিষ্ট কারণ এজাহারের আবেদনে উল্লেখ করে দিতে হবে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট