থানায় কুমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লোকালয়ে বিভিন্ন প্রাণীর উপদ্রবের ঘটনা প্রায়ই ঘটে। কখনো তা মাত্রা ছাড়ালে খবরেও উঠে আসে। বাংলাদেশে গারো পাহাড়সংলগ্ন শেরপুর, ময়মনসিংহ জেলার সীমান্ত ঘেঁষে প্রায়ই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। ভারতে পশ্চিমবঙ্গের কোচবিহারে বানরের উৎপাতের খবরও দেশটির সংবাদমাধ্যমে উঠে আসে মাঝেমধ্যে। কিন্তু লোকালয়ে কুমিরের হানা? শ্রীলঙ্কায় পুলিশের অপরাধ শাখার একটি কার্যালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনাটি অনেকেই বিরল বলছেন।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত নচচিয়াগামায়। সেখানে পুলিশের থানায় হঠাৎ করেই হানা দেয় একটি কুমির। গত মঙ্গলবার তথ্যটি জানান সেখানকার পুলিশ কর্মকর্তারা।
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় অনুরাধাপুরা শহরের কাছেই অবস্থিত নচচিয়াগামা। প্রত্যন্ত ওই এলাকায় হাতির আক্রমণ নিত্যনৈমিত্তিক ঘটনা বললেই চলে। তবে কুমিরের হানার ঘটনাটি বিরল।
নচচিয়াগামার এক পুলিশ কর্মকর্তা জানান, কুমিরটি ছয় ফুট লম্বা। থানার পেছনের দরজা ভেঙে এটি ঢুকে পড়ে। কুমিরটি হানা দেওয়ার পরপরই ভবন থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, কুমিরটি সারা রাত ভবনের ভেতরে ছিল। সকালে বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা এসে এটিকে উদ্ধার করে নিয়ে যান।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, কুমিরটি থানার দরজা ভেঙে ঢুকে পড়লেও কারও কোনো ক্ষতি করেনি।
তবে কুমিরটি কেন এভাবে জল ছেড়ে ডাঙায় হানা দিল, তাও আবার পুলিশের থানায়, তা জানাতে পারেননি শ্রীলঙ্কার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।