থানায় সাধারণ ডায়েরি করবেন কীভাবে
নানা প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হয়। জেনে নিন এ সম্পর্কে বিস্তারিত—কেন করবেনঅনেকের ধারণা, জিডি শুধু কেউ ভয়ভীতি অথবা হুমকি দিলেই করতে হয়; আসলে তা নয়। নানা প্রয়োজনেই আপনাকে জিডি করা লাগতে পারে। বাংলাদেশ পুলিশের পরিদর্শক ও তেজগাঁও থানার (ঢাকা মহানগর পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহ্বুবুর রহমান বলেন, জিডির দরকার নানা কাজেই। যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তি থানায় জিডি করতে পারেন। কারও যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায় (যেমন জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি), সে ক্ষেত্রে জিডি করাটা জরুরি। এ ছাড়া হুমকি, ছিনতাই এমনকি আপনার বাসার কেউ যদি হারিয়ে যায় বা পালিয়ে যায় সে ক্ষেত্রেও জিডি করা যাবে। কখন করবেনযদি আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স অথবা শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ হঠাৎ হারিয়ে যায়, তা পুনরায় তুলতে গেলে অবশ্যই জিডি করতে হবে। আপনাকে কেউ ফোনে ভয় দেখালেও তখন জিডি করতে পারেন। সরাসরি কেউ হুমকি দিলেও জিডি করে ফেলুন। পরে যদি আপনার কোনো ক্ষতি তারা করেই ফেলে, তবে আইনি সহায়তা নিতে অনেক সহায়ক হবে ওই জিডি।কোথায় করবেনমোহাম্মদ মাহ্বুবুর রহমান বলেন, জিডি করতে অনেকেই কোন থানায় করবেন ঠিক বুঝতে পারেন না। নিয়মমতে, আপনার যাত্রার শুরু যেখান থেকে বা যে এলাকায় আপনার জিনিস হারিয়েছে বা খোয়া গেছে, সে এলাকার সংশ্লিষ্ট থানায় জিডি করতে হয়। আপনি আপনার নিজের এলাকার থানাকে প্রাধান্য দিতে পারেন। তবে আপনার ছিনতাই হলো এক থানার অধীনে আর আপনি জিডি করতে যাবেন আরেক থানায়, এমনটি করা ঠিক নয়। তাই সব সময় ঘটনাস্থলকে বিবেচনায় নিতে হবে। অন্য সব ক্ষেত্রে নিজের থানায় জিডি করা ভালো।দরখাস্তে যা থাকবেঅনেকেই জিডি কীভাবে লিখতে হয়, তা জানেন না। এটা ঠিক অন্যান্য দরখাস্তের মতোই। বিষয়টি নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মনে রাখতে হবে, জিডির দরখাস্ত লিখতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর। নিচে থানার ঠিকানা। এরপর লিখতে হবে বিষয়। আপনি কী জন্য জিডি করছেন, তা বিষয় অংশে লিখতে হবে। বিবরণ অংশে আপনার জিডির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনে ঠিকানা (বর্তমান ও স্থায়ী) তুলে দিতে হবে। একেবারে নিচে আপনার নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।অনলাইন সুবিধাঢাকা মহানগর পুলিশ নগরবাসীর জন্য জিডি করার প্রক্রিয়া সহজ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে। আপনি চাইলে ঘরে বসেই ওয়েবসাইটে গিয়ে জিডি করতে পারবেন। এর বাইরেও অনলাইনে জিডি করার সুবিধা আছে। যেমন একসঙ্গে যদি আপনার অনেক জিনিস হারিয়ে যায় তা তুলতে গেলে সবাই আপনার কাছে জিডির মূল কপি চাইতে পারে। কিন্তু মূল কপি তো থাকবে একটাই। সে ক্ষেত্রে আপনি যদি অনলাইনে করে থাকেন, শুধু জিডির নম্বরটা ব্যবহার করলেই হয়ে যাবে। নিজের ওয়ালেট হারিয়ে অনলাইনে থানায় জিডি করেন মোহাম্মদ মনিরুল হক। তিনি বলেন, অনলাইনে জিডির সুবিধা থাকায় তিনি সহজেই তা করতে পেরেছেন। তা ছাড়া তাঁর হারিয়ে যাওয়া ব্যাংকের ডেবিট কার্ডসহ জাতীয় পরিচয়পত্র তুলতে তিনি শুধু জিডির নম্বরটি ব্যবহার করেছেন সব জায়গায়। তবে মো. মাহ্বুবুর রহমান সতর্ক করে দিয়ে বলেন, যাঁরা অনলাইনে জিডি করেন, তাঁরা ঘটনার তারিখ, সময় এবং স্থান উল্লেখ করতে ভুল করেন। ঘটনার তারিখ, সময় ও স্থান—তিনটি বিষয়ই অনেক গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। ঢাকা মহানগর পুলিশের ঠিকানা: www.dmp.gov.bd। জিডির পরের কথাকোনো জিডি হওয়ার পর তা পরে কর্তব্যরত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার ওসির কাছে পাঠান। তিনি জিডিটি পড়ে প্রয়োজনে কোনো উপপরিদর্শক বা সহকারী উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দিয়ে থাকেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা এফআইআর দায়ের করেন।জরুরি তথ্যমনে রাখবেন, জিডি করতে কোনো টাকা-পয়সা লাগে না। এমনকি আপনি যদি না-ও লিখতে পারেন, থানার সেবা প্রদান কর্মকর্তা (সার্ভিস ডেলিভারি অফিসার) প্রয়োজনে তা লিখে দেবেন। আপনি শুধু নিচে স্বাক্ষর করবেন। এর জন্য ওই কর্মকর্তাকে কোনো ফি দিতে হবে না। জিডি লিখে তা জমা দিতে হবে থানার কর্তব্যরত কর্মকর্তার দপ্তরে। তিনি জিডিটি গ্রহণ করে তাতে একটি জিডি নম্বর ও জিডি করার তারিখ বসাবেন এবং তা নির্ধারিত রেজিস্টারে তালিকাভুক্ত করবেন এবং আপনার কপিতেও তা লিখে দেবেন। আর যাঁরা অনলাইনে জিডি করবেন, তাঁরা চাইলে সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি নম্বরসহ তার একটি প্রিন্ট কপি সংগ্রহ করতে পারেন।