
ইরাকের নিমরুদ নগরীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধরে রেখেছে গৌরবময় অতীত। বছর খানেক আগে এমন বেশ কিছু নিদর্শন ধ্বংস করেছিল ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। সেটা দেখে সারা বিশ্বের মানুষ যখন হতবিহ্বল, তখন ইরাকি এক কিশোর আস্তিন গুটিয়ে নেমে পড়ল সৃজনশীল প্রতিবাদে। ১৭ বছর বয়সী নিনাস থাবিত নামের সেই ছেলে শুরু করে বিধ্বস্ত ভাস্কর্য তৈরির কাজ। তার ভাষায়, ‘ওরা সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমিও ওদের বিরুদ্ধে সংস্কৃতির সাহায্যেই রুখে দাঁড়ানোর পণ করেছিলাম।’
তার লড়াইয়ের সূচনা হয়েছিল ভেঙে ফেলা ভাস্কর্যগুলোর অনুকরণে একের পর এক ভাস্কর্য তৈরির মধ্যমে। থাবিতের বানানো প্রথম ভাস্কর্য ছিল প্রাচীন অ্যাসিরীয় দেবী লামাসুর। যে কি না তার প্রিয় দেবতা। এটি তৈরিতে তার মোট ব্যয় হয় ১৫ দিন। গত এক বছরে এমন ১৮টি ভাস্কর্য ও একটি ম্যুরাল তৈরি করেছে থাবিত।
ভাস্কর্যের প্রতি অবশ্য থাবিতের টান তার ভাস্কর বাবা থাবিত মাইকেলের কাছ থেকে পাওয়া। থাবিতের ইচ্ছা বড় হয়ে একজন ভাস্কর হওয়ার। যেন সারা পৃথিবীর সামনে ইরাকের হারানো গৌরব আর ঐতিহ্য তুলে ধরতে পারে।