থামছে না সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে নয়জনকে আটক করেছে কোস্টগার্ড। এদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক, অন্যরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। কোস্টগার্ড সূত্র জানায়, ৯ জানুয়ারি রাত ১০টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাজারপাড়ার জেটিঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন আবুল কালাম, মো. আমিন, মো. ছৈয়দ আলী, মো. সেলিম, মো. ইউনুচ আলী, নুরুল আলম, মো. লাল মিয়া, মো. জাকির হোসেন ও মো. ছৈয়দ হোসেন। আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি ৫০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা স্থানীয় দালাল গোলাম হোসেন, মো. ইসমাঈল, আব্দুস শুক্কুরের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য তাঁরা জনপ্রতি ৩০ হাজার টাকা করে অগ্রিম দেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর দালালদের নিয়োজিত ব্যক্তিদের হাতে দেওয়ার কথা ছিল। তাঁরা বলেন, দালালদের ব্যবস্থাপনায় তাঁদের কয়েক দিন আগে থেকে ওই স্থানে জড়ো করা হয়। পরে মালয়েশিয়ায় রওনা হওয়ার আগে কোস্টগার্ডের হাতে নয়জন ধরা পড়েন। আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নির্দিষ্ট স্থানে জড়ো করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিচ্ছে। এতে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।’ তিনি আরও বলেন, স্বপ্নের দেশ মালয়েশিয়ায় পাড়ি জমানোর আশায় অনেকে দিনের পর দিন জেলহাজতে মানবেতর জীবন যাপন করছে।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সাবলেফটেন্যান্ট বদরুদ্দৌজা বলেন, ‘রাত ১২টার দিকে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তাঁদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরের তাঁদের কক্সবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। দালাল চক্রের সদস্যদের আটক করার চেষ্টা চলছে।’