থার্টি থ্রিতে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ৩ নম্বর নিউ বেইলি রোডের লিফটের তিনে উঠতেই কানে ভেসে আসবে পুরোদস্তুর কনসার্ট। এখানে-ওখানে বসে থাকা অতিথিরা খাবারের পাশাপাশি উপভোগ করছেন গান। এটাই শহরের নতুন মিউজিক ক্যাফে থার্টি থ্রি।এ বছরের ৬ মার্চ উদ্বোধন হওয়ার পর থেকেই সংগীতপ্রেমীদের জন্য একটা চমৎ কার আড্ডার জায়গা হয়ে দাঁড়িয়েছে এটি। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বাছাই করা জনপ্রিয় সব গান বেজেই চলে থার্টি থ্রিতে। এরপর শুরু হয় সরাসরি গানের আসর। চলে রাত ১১টা পর্যন্ত।বসার জায়গা থেকে কাচের দেয়াল—প্রতিটি জায়গা যেন সংগীতের কথাই বলছে। কয়েকটি বসার জায়গা যেন পিয়ানোর রিডের মতো। আর কাচের দেয়ালে বিখ্যাত সব সংগীতশিল্পীর ছবি এমনভাবে লাগানো আছে, যেন বাইরে থেকে ভেতরটা দেখা যায় অবলীলায়। অন্যদিকের দেয়ালে বব মার্লের হাজার হাজার মুখ দিয়ে তৈরি করা হয়েছে তাঁরই একটা বিশাল মুখচ্ছবি। খাবারের পাত্রগুলোও মনে করিয়ে দেবে গানের কথাই। কফির চামচের শেষ অংশটা গিটার, পিয়ানো, বাঁশি কিংবা অন্যান্য বাদ্যযন্ত্রের মতো। চীন থেকে তৈরি করে আনা হয়েছে সেগুলো। কফির কাপগুলো থার্টি থ্রির নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়েছে। খাবারের প্লেটেও চমক। ছেলে ও মেয়েদের জন্য আলাদা প্লেট। সেগুলোতে আবার আছে বিখ্যাত সব গানের কথা। খেতে খেতে অনায়াসে মুখস্থ করে ফেলতে পারবেন জন ডেনভারের অ্যানিস সং। গ্লাসটাও অন্য রকম। এর মধ্যে মেয়েদের আর ছেলেদেরটা অবশ্যই আলাদা ডিজাইনের।বিশ্বমানের সাউন্ড সিস্টেম আপনাকে দেবে গান শোনার আসল মজা। ড্রামস, গিটারসহ অনেক বাদ্যযন্ত্রই আছে এখানে। চাইলে আপনিও প্রিয় মানুষটাকে একটা গান শুনিয়ে দিতে পারেন। অথবা করতে পারেন প্রিয় গানের অনুরোধ। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো তারকা ব্যান্ডদল গান করে থার্টি থ্রিতে। উঠতি ব্যান্ডগুলো তো আছেই। তবে কেউ না থাকলেও সমস্যা নেই। থার্টি থ্রির নিজস্ব ব্যান্ড স্পাইসি অপেরা সেদিন উঠে যায় মঞ্চে। অত্যাধুনিক সাউন্ড স্টুডিও থেকে পুরো সংগীত পরিচালনা করা হয়। কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কোনো একটা রেডিও চ্যানেলের সঙ্গে এই স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান করার ইচ্ছে আছে তাদের। ‘আমরা আমাদের সংগীতশিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। যে কেউ চাইলেই এখানে গাইতে পারে, যদি তাদের গান ভালো হয়। এখন তারা এই প্ল্যাটফর্মকে কীভাবে ব্যবহার করবে এবং এগিয়ে নিয়ে যাবে, এটা তাদের ব্যাপার।’ বললেন থার্টি থ্রির প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার হাফিজুর রহিম। ওয়াশরুমের দেয়ালেও লেখা আছে ম্যাডোনা আর মাইকেল জ্যাকসনের গান। ওদিকে কানে গান তো বাজছেই। খাবারদাবারে থার্টি থ্রির কোনো বিশেষ এক দিকে ঝোঁক নেই। ওয়েস্টার্ন, কনটিনেন্টাল থেকে মধ্যপ্রাচ্যের খাবারও আছে প্রচুর। দেশি খাবার কম হলেও আছে। খাবারের মেন্যুতে পদের সংখ্যাও ৩৩টির মতো। পানীয়ও আছে ৩৩ রকমের। সবকিছুতে ৩৩ সংখ্যাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বোঝা যায়। মোটামুটি এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে দুজনের দুপুর কিংবা রাতের খাবার খেয়ে নিতে পারবেন এখানটায়। তবে শিক্ষার্থীদের কথা ভেবে তাদের নাগালের মধ্যেও কিছু খাবার রাখা হয়েছে। সব খাবার এখানে ফরমায়েশ দেওয়ার পর তৈরি করে দেওয়া হয়। তাই হাতে একটু সময় নিয়ে আসাই ভালো। তবে অপেক্ষা করার সময়টাও খারাপ কাটবে না। শুধু রেস্টুরেন্টের অন্দরসজ্জা দেখেই পার করে দিতে পারবেন কয়েক ঘণ্টা।সিডাকটিভ লেমনউপকরণ: লাল মরিচ গুঁড়া ৫ গ্রাম, লেবুর রস ২০ মিলি, সোডা ১২০ মিলি, পুদিনাপাতা কুচি ৫ গ্রাম, চিনির সিরাপ ২০ মিলি, লেমন গ্রাস এক-দুটি।প্রণালি: পুদিনাপাতা, মরিচ গুঁড়া, লেবুর রস, চিনির সিরাপ একসঙ্গে মেশাতে হবে। এরপর এর মধ্যে সোডাপানি দিতে হবে। সবশেষে এর মধ্যে একটি বা দুটি লেমন গ্রাস দিয়ে পরিবেশন করতে হবে।ক্যাসাডিলাউপকরণ: মুরগি অথবা গরুর মাংস ৬০ গ্রাম, ক্যাপসিকাম ২০ গ্রাম, টমেটো ২০ গ্রাম, পেঁয়াজ ১০ গ্রাম, রসুন ১০ গ্রাম, মরিচ গুঁড়া ৫ গ্রাম, মটরশুঁটি ১৫ গ্রাম, পনির ৫ গ্রাম, ধনে ৫ গ্রাম, কিডনি বিনস ১০ গ্রাম, হাতে তৈরি রুটি (বাজার থেকে হিমায়িত টরটিয়া কিনে ভেজে নিতে পারেন) একটি, জলপাই তেল পরিমাণমতো, মরিচের সস পরিমাণমতো।প্রণালি: প্রথমে মুরগি অথবা গরুর মাংস জুলিয়ান কাট করে কেটে পানিতে সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে জলপাই তেল গরম করে পরিমাণমতো পেঁয়াজ ও রসুনের কুচি দিতে হবে। হালকা বাদামি রং হলে এর মধ্যে সেদ্ধ মাংস ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে অন্যান্য সবজি এর মধ্যে দিতে হবে। পরিমাণমতো লবণ, চিনি ও মরিচের গুঁড়া দিতে হবে। অল্প আঁচে সবজিগুলো মাংসের সঙ্গে কিছুক্ষণ রান্না করতে হবে। মাখা মাখা হয়ে এলে সস দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে।রুটির ভেতরে পনির দিতে হবে। তারপর রান্না করা মাংস ও সবজি ভেতরে দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।