থিয়েটার প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচের সমাপনী

তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচের সমাপনী এবং সনদ প্রদান অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এতে ২০ জনকে সনদ প্রদান করা হয়।
অনুপম সেন বলেন, ‘মানুষ তাঁর আদর্শে অবিচল থাকলে জীবনের সর্বক্ষেত্রে অপরাজেয় থাকতে পারে। প্রশিক্ষণে জীবনকে গভীর উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির নানা মাত্রায় আত্মস্থ করা যায়।’
থিয়েটারে অধিকতর চর্চা এবং তরুণদের এই শিল্পের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে নিয়মিত এই প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। থিয়েটার–সম্পর্কিত প্রস্তুতিমূলক ধারণা গ্রহণ এবং মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এই কোর্সের প্রধান উদ্দেশ্য। ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে। বিজ্ঞপ্তি