থিয়েটার ওয়ার্কশপের ‘নাট্যোত্সব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাট্যোত্সব। আট দিনব্যাপী উত্সবে আটটি নাটক মঞ্চস্থ হয়। পথনাটক হয় ছয়টি।‘হূদয়জুড়ে মঞ্চ আমার মঞ্চে জাগে প্রাণ’ শীর্ষক উত্সবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাটক, গান ও আবৃত্তি করে। উত্সবে ছিল দুটি পর্ব। মুক্তমঞ্চে ছিল পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলনায়তনে নাটক। মুক্তমঞ্চে আলোচিত পথনাটক স্মৃতি ৭১ পরিবেশন করে নাট্যাধার। নাটকের মূল দাবি ছিল ‘আইন করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে নাটকটি শেষ হয়। নাটকের নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল যাত্রা। প্রতিদিন মুক্তমঞ্চের অনুষ্ঠান শেষে মিলনায়তনে দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চস্থ হয়। নীহারেন্দু করের রচনায় থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের বেধুয়া নাটকের কাহিনি গড়ে ওঠে চা-বাগানের শ্রমিকদের বঞ্চনা নিয়ে। নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। উত্তরাধিকার পরিবেশন করে নাটক মন তার শঙ্খিনী। আমন্ত্রিত দল হিসেবে ছিল ত্রিপুরার কালচারাল ক্যাম্পেইন। দলের কোর্ট মার্শাল ও সে আর এক লং মার্চ নাটক দর্শকদের মুগ্ধ করে। অরুণ পালের নির্দেশনায় কোর্ট মার্শাল নাটকে সেনাসদস্যদের জাত-পাতের দ্বন্দ্ব তুলে ধরা হয়। সে আর এক লং মার্চ রচনা করেন সুভাষ দাস ও নির্দেশনা দেন ইন্দুমাধব চক্রবর্তী। নাটকের নির্দেশনা সহযোগী অরুণ পাল বলেন, ‘বিভিন্ন এলাকায় নাটক করতে গিয়ে দেখেছি ভাষাগত পার্থক্যের কারণে সমস্যা হয়। কিন্তু এখানে তা হচ্ছে না। ত্রিপুরার মাতৃভাষা বাংলা। এখানকার মানুষেরও তা-ই। এখানকার সবকিছুই আমাদের আপন।’ ৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। উত্সবের অন্যতম আয়োজক মানস শেখর বলেন, ‘আজকাল খুব কম লোকই নাটক দেখেন। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি এবং আট দিনব্যাপী উত্সব করতে পেরেছি। এটাই আমাদের সার্থকতা।’ থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের পাই চোর কিসসা নাটকের দ্বিতীয় মঞ্চায়নের মধ্য দিয়ে উত্সব শেষ হয়।