থেমে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের কাজ
ফেনীর পরশুরামে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ কার্যাদেশের এক বছর পরও শুরু হয়নি। ১২ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজই শুরুই করেনি। জানা যায় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের ২০০৮ সালের আগস্ট মাসে সারা দেশে ১৪টি সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্যোগ নিয়েছিল। তারই অংশ হিসেবে পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামে সম্মুখ সমরের স্থানটির জন্য ২৯ একর ভুমি অধিগ্রহণ করা হয়। স্থান নির্বাচন, জমি অধিগ্রহণসহ নানা জটিলতার পর শেষ পর্যন্ত কার্যাদেশের এক বছর পরও কাজটির ঠিকাদার ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক কাজ শুরু করেননি। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, স্মৃতিস্তম্ভটি প্রথমে বিলোনিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৮ ডিসেম্বর পৌর এলাকার সলিয়া গ্রামেই নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এর জন্য ফেনীর জেলা প্রশাসন সলিয়া গ্রামে ২৯ একর জমি অধিগ্রহণ করে। গত বছরের ৭ এপ্রিল গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করে। কাজটির দায়িত্ব পান ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। গত বছর ২৮ ফেব্রুয়ারি তাঁকে দেওয়া কার্যাদেশে ১২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, প্রথমে স্থান জটিলতার কারণে এটির নির্মাণকাজ শুরু করা যায়নি। পরে জটিলতা শেষ হওয়ার পরও কাজ শুরু হয়নি। এটি খুবই দুঃখজনক। পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন শাহরিয়ার বলেন, স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু না করায় স্থানীয় মুক্তিযেদ্ধারা খুব ক্ষুব্ধ। তিনি অনতিবিলম্বে কাজ শুরু করার দাবি জানান। কাজটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার একরামুল হক বলেন, ‘আমি মনে করেছিলাম স্মৃতিস্তম্ভের জায়গা নিয়ে মামলাসহ নানা জটিলতা আছে। তাই কাজ করিনি। এখন জানলাম, কোনো অসুবিধা নাই, দু-একদিনের মধ্যে কাজ শুরু করব।’