থেমে আছে শিশু সংগঠনের তৎপরতা
খেলাঘর ছাড়া চট্টগ্রামের শিশু সংগঠনগুলোর তৎপরতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সীমিত পরিসরে খেলাঘরের দুটি অংশ কিছুটা সক্রিয় থাকলেও অন্য সংগঠনগুলোর কোনো কার্যক্রম নেই। এমনিতেই খেলার মাঠ ও উপযুক্ত বিনোদনের অভাবে ক্রমেই বিষাদময় হয়ে উঠছে শিশুদের শৈশব-কৈশোর। এর ওপর শিশু সংগঠনগুলোর তৎপরতা বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের জন্য আনন্দ আয়োজন এবং সৃজনশীলচর্চা সীমিত হয়ে পড়েছে। স্বাধীনতার পর থেকে আশির দশক পর্যন্ত চট্টগ্রামের খেলাঘর, কচিকাঁচার আসর, চাঁদের হাট, শাপলা কুঁড়ির আসর, শাপলা শালুকের আসর, নবীন মেলা, কচি কণ্ঠসহ নানা সংগঠন পাড়ায় পাড়ায় ছোটদের আসর জমাত। এসব আসরে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে নানা আয়োজন হতো। নন্দনকাননের বাসিন্দা সাহিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নন্দন কাননে জলসিঁড়ি খেলাঘরের আসর বসত। সপ্তাহের ওই একটি দিনের জন্য অপেক্ষা করতাম অধীর আগ্রহে। সেই আসরে আমরা কেউ গাইতাম, আবৃত্তি করতাম, কেউ বিতর্ক করতাম। খেলাঘর আমাদের আনন্দময় একটা শৈশব দিয়েছে। কিন্তু বর্তমানের শিশু কি সেই শৈশব কাটাতে পারছে? খেলাঘরের আসর কী আজও বসে পাড়ায় পাড়ায়?’ খেলাঘর মহানগর সাধারণ সম্পাদক রোজী সেন বলেন, না, আগের মতো সেভাবে আসর না বসলেও এই শহরে অন্তত চার-পাঁচটি আসর নিয়মিত বসছে। আগের মতো প্রতিটি আসরে কেন ছোটদের আসর জমে না? জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুর আনন্দময় শৈশবের ক্ষেত্রে আমরা অভিভাবকেরাই প্রধান বাধা। আমরা যারা শিশুর খেলাধুলার কথা বলছি, তারাই আবার সকালে উঠে কোচিংয়ে পাঠাচ্ছি, বিদ্যালয় থেকে ফিরে আবার গৃহশিক্ষকের কাছে। তার খেলাধুলা বা বিনোদনের জন্য বিভিন্ন সংগঠন করার সুযোগটা কোথায়?’ তিনি জানান, খেলাঘর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে, বর্তমানে মাঠের অভাবে আউটডোরে বড় পরিসরে কোনো প্রতিযোগিতার আয়োজন করতে পারছি না। এ ছাড়া আমাদের শিশু অধিকার বিষয়ে আন্দোলনগুলো তো চলছেই।খেলাঘরের একটি অংশের বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের স্লোগান দুটি “মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা” এবং আনন্দময় শৈশব চাই সুখী সুন্দর বাংলাদেশে।” আমদের মুক্তিযুদ্ধের অন্যতম বিষয় ছিল অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি না পেলে শিশুর আনন্দময় শৈশব কাটানোর কোনো সম্ভাবনাই নেই। কারণ তার চাহিদামতো হাতে তখন একটা ব্যাট বল বা মানসিক বিকাশের জন্য হারমোনিয়াম তুলে দেওয়া যাবে না। তাই শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছবি আঁকতে উৎসাহিত করি।’ সাপ্তাহিক আসর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সাপ্তাহিক আসরগুলোতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।’ সিরাজুল ইসলাম আরও জানান, ‘বর্তমানে আমাদের চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড ও বাড়বকুণ্ড নিয়ে বৃহত্তর চট্টগ্রামে সপ্তাহে প্রতিটি ইউনিটে দুই দিন আসর বসে। তাদের একটি গানের স্কুলও রয়েছে শৈশব নামে। বাচ্চাদের লেখা নিয়ে বসে সাহিত্য বাসর।’ কেবল আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে শিশুর শৈশব আবদ্ধ। প্রকৃত বিনোদন বা শৈশব কি শিশুরা পাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘না, পাচ্ছে না। আমার মতে, শিশুদের জন্য বাটালি হিল ও ফয়’স লেকের একটা অংশ শিশুদের জন্য উন্মুক্ত করে দিয়ে একটি শিশুপার্ক করা যায়। যেখানে শিশুরা অবধে খেলাধুলা করতে পারবে। ডিসির বাসভবন সরিয়ে ফেলে শিশুদের জন্য সাংস্কৃতিক কমপ্লেক্স করা যায়। এখানে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।’ কচিকাঁচার আসরের কর্মী কবি আবু তাহের মুহাম্মদ জানান, শুধু চট্টগ্রামেই তাদের ৩০টি শাখা ছিল। বর্তমানে সব কটির কার্যক্রমই বন্ধ আছে। তিনি আরও বলেন, ‘আমরা তো সবাই বড়দের রাজনীতি নিয়েই ব্যস্ত, ছোটদের নিয়ে ভাবার সময় কোথায়? তার পরও আমরা সংগঠনটি পুনরায় চালু করার চেষ্টা করছি।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক শিশু সংগঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সংগঠনগুলোর মাধ্যমে নানা ধর্ম, বর্ণ, জাতির শিশু একই ছাতার নিচে আসার সুযোগ পেত। পরস্পরের সঙ্গে মিলেমিশে এরা মানসিক যে বিকাশের সুযোগ পেত, তা এখন আর পাচ্ছে না।মাহবুবুল হক নিজেও কচিকাঁচার আসরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নিজের সংগঠনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘৬০-এর দশকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আমরা শিশুরা মিরসরাইয়ে ত্রাণ বিতরণ করেছিলাম। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই যে কাজ করার মানসিকতা, তা খুবই গুরুত্বপূর্ণ। শিশু সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ হওয়াতে শিশুরা এখন বড় একা হয়ে গেছে।’