থেমে নেই ইয়াবা চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা দুই মাসের হরতাল-অবরোধে কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও ইয়াবা চোরাচালান থেমে নেই, বরং বেড়েছে। বিশেষ করে সড়কপথের তুলনায় সমুদ্রপথে মাছের ট্রলারে লুকিয়ে ইয়াবা পাচার বৃদ্ধি পেয়েছে।
২ মার্চ ভোরে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবা চালান নিয়ে আসেন টেকনাফের আলীখালী গ্রামের হেলাল উদ্দিন। এরপর তিনি ইয়াবার চালানটি নিজের মালিকানাধীন একটি মুরগির খামারে লুকিয়ে রাখেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই দিন বিকেলে মুরগির খামারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে হেলাল পালালেও মুরগির খামার থেকে পুলিশ উদ্ধার করে ১৪ হাজার ইয়াবা বড়ি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) দেওয়ান আবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, হরতাল-অবরোধের মধ্যে ইয়াবা চোরাচালান থেমে নেই। ইয়াবা চোরাচালান ধরতে তৃণমূলে পুলিশের গোয়েন্দা নজরদারি ও সোর্স বাড়ানো হয়েছে।
৩ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টেকনাফে পৃথক অভিযানে চালিয়ে ৩ কোটি ২৪ লাখ টাকার ১ লাখ ৬ হাজার ইয়াবা বড়িসহ দুটি ইঞ্চিন নৌকা জব্দ করেন। এ সময় ইয়াবা পাচারকারী মিয়ানমারের নাগরিক সিরাজ উল্লাহকে (২৮) আটক করা হয়। পরদিন ৪ মার্চ রাত ১২টার দিকে বিজিবির সদস্যরা টেকনাফের লেদা এলাকায় একটি খালি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকার ৭৫ হাজার ২৯০ ইয়াবা উদ্ধার করেন। এ সময় ভ্যানের চালক রাসেল মিয়া (৪৩) ও সহকারী তুহিনকে (১৯) আটক করা হয়। রাসেলের বাড়ি ভোলার গজারিয়া এবং তুহিনের বাড়ি মাদারীপুর সদরে। তাঁরা ইয়াবার চালানটি নিয়ে ঢাকার গাজীপুর যাচ্ছিলেন বলে জানান।
এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ব্যবসায়ীরা এখন অবৈধ অস্ত্র ব্যবহার করছেন। সুযোগ পেলে তাঁরা গুলি চালান। গত এক বছরে ১৬টি আগ্নেয়াস্ত্রসহ ১৩ জন মাদক চোরাচালানিকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) মিয়ানমার থেকে পাচারের সময় বিজিবির সদস্যরা প্রায় ৯ লাখ ইয়াবা জব্দ করেন। যার বাজার ূল্য প্রায় ২৮ কোটি টাকা। একই সময় বিজিবির সদস্যরা ১ হাজার ২১০ বোতল বিভিন্ন প্রকার মদের বোতল, ৮ হাজার ৫৩৮ ক্যান বিয়ার উদ্ধার করেন।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধ এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ১৪৪ কিলোমিটার সীমান্তে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এ কারণে ইয়াবা চালান ধরা পড়ছে বেশি। গত বছরের (২০১৪) জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসে বিজিবি ইয়াবা জব্দ করেছিল মাত্র ১ লাখ ৬৪ হাজার ৫০৫টি।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, মৌলভীপাড়া, নাজিরপাড়া, জালিয়াপাড়া, নাইট্যংপাড়া, জলিলেরদিয়া, লেদা, আলীখালী, নীলা, হোয়াইক্যং, উখিয়ার বালুখালী, উলুবনিয়া, পালংখালী, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, দোছড়িসহ অন্তত ৩৩টি পয়েন্ট দিয়ে ইয়াবার চালান দেশে ঢুকছে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গত দুই মাসে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১ কোটি ১৭ লাখ টাকার ৩ লাখ ৭৩ হাজার ৪৭৮ ইয়াবাসহ বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে। এ সময় আটক করা হয় ১৯৮ জন পাচারকারীকে। তার পরও ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধ করা যাচ্ছে না।
পুলিশ সুপার বলেন, স্থলভাগে পুলিশের নজরদারি ও অনুসন্ধান বেড়ে যাওয়ায় ইয়াবার চালান ধরা পড়ছে বেশি। তবে সমুদ্রপথে ইয়াবার চালান বেশি যাচ্ছে। কিন্তু গভীর সাগরে নেমে ইয়াবা চোরাচালান প্রতিরোধ করা পুলিশের একার পক্ষে সম্ভব হচ্ছে না।