থেমে নেই কদমতলী উড়ালসড়কের কাজও
নগরের কদমতলী উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দ্বিতীয় উড়ালসড়ক প্রকল্প। পুরোনো রেল স্টেশন থেকে ধনিয়ালাপাড়া পর্যন্ত এ উড়ালসড়কটি নির্মিত হচ্ছে (চউক) নিজস্ব তত্ত্বাবধানে। আগামী বছর জুনে এটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। উড়াল সড়কটি চালু হলে কদমতলী-ধনিয়ালাপাড়া এলাকার মানুষের যানজট থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পপরিচালক আহম্মদ মঈনুদ্দিন জানান, কদমতলী উড়ালসড়কের দৈর্ঘ্য এক দশমিক এক কিলোমিটার। নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৫৮ কোটি টাকা। এর মধ্যে সরকার ৫১ কোটি এবং চউক নিজস্ব তহবিল থেকে সাত কোটি টাকা দিচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের সঙ্গে যুক্ত আছে আরও ছয়টি সড়ক। ২০১১ সালের অক্টোবরে এ সড়কের নকশা চূড়ান্ত করা হয়। নির্মাণকাজ শুরু হয় এ বছর ফেব্রুয়ারিতে।
এদিকে কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ চলার কারণে এলাকার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী লোকজন।
গত শনিবার সকালে সরেজমিন দেখা যায়, পুরো উড়ালসড়ককে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। বিআরটিসি বাস টার্মিনালের মোড় থেকে কদমতলী মোড় পর্যন্ত অংশে টিনের ঘেরাও দিয়ে ভেতরে কাজ করা হচ্ছে। এতে পুরো সড়ক সংকুচিত হয়ে পড়েছে। আবার একপাশের রাস্তা বন্ধ রাখা হয়েছে। অপর পাশের সড়কে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়ছে পথচারী ও যানবাহন চালকেরা।
সাঈদ ইসলাম নামের এক শিক্ষার্থী-পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, উড়ালসড়ক নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত থাকলেও রাস্তা ঠিক করার গরজ কারও নেই। খানাখন্দে ভরা এ রাস্তা দিয়ে চলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এ সড়কে যানজট এখন নিত্যদিনের ব্যাপার। এ কারণে প্রতিদিনই মূল্যবান সময় নষ্ট হয়। রিকশাচালক আরিফ উদ্দিন বলেন, ‘সময় বাঁচাতে অনেক সময় এ সড়ক ব্যবহার করি। এ ছাড়া পারতপক্ষে এড়িয়ে চলি।’
জানতে চাইলে প্রকল্পপরিচালক আহম্মদ মঈনুদ্দিন বলেন, ‘দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন উড়ালসড়কের আশপাশে চলাচল সীমিত করা হয়েছে। তাই মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পকাজ শেষ করার চেষ্টা করছি। আশা করি, এরপর মানুষের এ দুর্ভোগ আর থাকবে না।’