থেমে নেই ট্রলারে মালয়েশিয়া যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ ডিসেম্বর ১৩০ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে ডুবে যায় ট্রলার। এখনো নিখোঁজ ২৫ জন। তার আট দিন না যেতেই গত বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে ১০ জন এবং শুক্রবার সেন্ট মার্টিনে কোস্টগার্ড সদস্যদের হাতে ধরা পড়ল ২৩ জন। এঁদের মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে আটক করা হয়। ট্রলার ডুবিতে মৃত্যুর পরও অবৈধপথে মালয়েশিয়া যাত্রা বন্ধ হচ্ছে না। মানব পাচারকারীরা এখনো সক্রিয়। গত এক মাসে টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকা থেকে বিজিবি ও পুলিশ ৯৭ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। এ সময় পুলিশ সাগর থেকে একজনের লাশ উদ্ধার করে।বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এদের বেশির ভাগই ভাগ্য বিড়ম্বিত। খেটে খাওয়া মানুষগুলো ভিটেমাটি বিক্রি করে ভাগ্য বদলের আশায় মৃত্যুঝুঁকি জেনেও সাগর পাড়ি দেয়। ফলে দালালের হাতে প্রতারিত হলেও অনেকে মুখ খোলেন না। শুধু ট্রলার ডুবি হলে যাঁদের স্বজন নিখোঁজ হয় তাঁরাই আহাজারি করেন। দালালদের নাম প্রকাশ করেন। আবার অনেকের কাছে ৩০-৩৫ হাজার টাকা করে নিয়ে কয়েক দিন সাগরে ঘুরিয়ে টেকনাফের বাহারছড়া, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এনে মালয়েশিয়া ও থাইল্যান্ড বলে নামিয়ে দিয়ে পাচারকারী চক্রের সদস্যরা সটকে পড়ে। এ রকম কিছু লোকও বিজিবি ও থানা পুলিশের হাতে ধরা পড়ে। অন্যরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে যায়। সাম্প্র্রতিককালে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পাচারকারীদের তৎপরতা বেড়েছে।সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, পাচারকারী সিন্ডিকেট দালালদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে। টেকনাফ ও উখিয়ার কিছু রাজনৈতিক নেতা ও প্রশাসনের অসাধু কর্মকর্তারা এর সঙ্গে জড়িত। এ পাচারকারী চক্র মাথাপিছু প্রায় এক লাখ টাকার বিনিময়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ উপায়ে লোকজনকে মালয়েশিয়ায় পাঠায়। তাঁদের মাধ্যমে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গারাও এভাবে বিদেশে পাড়ি জমাচ্ছে। শাহপরীর দ্বীপ দিয়েই বেশি মানুষ পাচার হয়। আওয়ামী লীগ শাহপরীর দ্বীপ শাখার আহ্বায়ক সোনা আলী প্রথম আলোকে বলেন, মানব পাচার থেমে নেই। দুর্ঘটনা ঘটলে কয়েক দিন প্রশাসনের তৎপরতা চোখে পড়ে। এরপর আবার তা ঝিমিয়ে পড়ে। প্রতিনিয়তই মানব পাচার হচ্ছে। কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের সাব-লেফটেন্যান্ট এম এম মাসুদ সিকদার বলেন, ‘ট্রলারে মালয়েশিয়া যাওয়ার পথে গত শুক্রবারও ২৩ জনকে আটক করা হয়েছে। অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার তৎপরতা রুখতে আমাদের কড়া নজরদারি রয়েছে।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়েছে। ইতিমধ্যে প্রতারক দলের সদস্য ও অবৈধভাবে গমনকারীসহ শতাধিক লোককে আটক করে আদালতে পাঠানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ‘কিছুদিন আগেও অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ট্রলারডুবিতে শতাধিক লোক সাঁতারে উপকূলে ফিরে এলেও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে। এর পরও থেমে নেই সাগরপথে মালয়েশিয়ার যাত্রা।’ তিনি আরও জানান, এ পাচারকাজ প্রতিরোধ করার জন্য সীমান্ত এলাকায় বিজিবির জওয়ানদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে বিজিবি সদস্যদের ফাঁকি দিয়ে লোকজন মালয়েশিয়া পাড়ি জমাচ্ছে বলে তিনি স্বীকার করেন।