থেমে নেই মোটর সাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে নগরীতে। নগরের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে বলে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে। তবে চুরি হলেও ভুক্তভোগীরা সবাই থানা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন না। ভুক্তভোগীদের মধ্যে পুলিশও রয়েছে। গ্রেপ্তারের পর পর জামিনে বের হয়ে চোরেরা বার বার একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশী তৎপরতার শিথিলতার কারণে মোটর সাইকেল চুরি ফের বেড়েছে। পাঁচ মাস আগে পুলিশ দুটি মোটর সাইকেল চোর চক্রকে গ্রেপ্তার করেছিল। এর পর চুরি অনেকটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন অভিযান শিথিল হয়ে পড়ায় পুনরায় চুরির ঘটনা বেড়ে গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরির সঙ্গে অন্তত ১০টি দল জড়িত। এর মধ্যে সন্দ্বীপের কবির, ফটিকছড়ির জয়নাল, নগরের হোসেন অন্যতম। গত জুন মাসে হোসেনসহ তার চক্রের চারজনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা ও কোতোয়ালী থানা পুলিশ। এ সময় ওই চক্রের কাছ থেকে ১৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে জামিনে বের হয়ে এসে তারা আবার চুরিতে জড়িয়ে পড়ে। চুরির ঘটনার সঙ্গে পুলিশের এক কনস্টেবলও জড়িত রয়েছে। মাসখানেক আগে বন্দর এলাকা থেকে ওই কনস্টেবলকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালী থানা পুলিশ। এ প্রসঙ্গে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চোরদের গ্রেপ্তার করি। কিন্তু দেখি, তারা জামিনে এসে আবার চুরিতে জড়িয়ে পড়ে। জামিন পাবার অধিকার তাদের রয়েছে। কিন্তু তাতে করে চুরি রোধ করা কঠিন হয়ে গেছে। আমাদের পুলিশের গাড়িও চুরি হচ্ছে।’জানা গেছে, দুই মাস হালিশহর থানা এলাকা থেকে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মোটর সাইকেল চুরি হয়েছে। ওই মোটর সাইকেল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এর পর গত ২৭ অক্টোবর নগরের আগ্রাবাদ থেকে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শিমুল নজরুলের ডিসকভারি ব্র্যান্ডের মোটর সাইকেল চুরি হয়। আবার ৭ নভেম্বর রাতে হালিশহরের এ ব্লকের বাসার গ্যারেজের তালা ভেঙে নিয়ে যায় একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাশেদুল তুষারের মোটর সাইকেল। এর পরদিন হালিশহরের বি ব্লক থেকে চুরি যায় মো. জাহাঙ্গীর নামে অপর একজনের টিভিএস ব্র্যান্ডের মোটর সাইকেল। এর আগে গত ২০ সেপ্টেম্বর নগরের আবেদিন কলোনিতে এক বাসার নিচের গ্যারেজ থেকে বিপ্লব লোধ নামে ওষুধ কোম্পানির এক কর্মকর্তার বাজাজ ডিসকভারি ব্র্যান্ডের মোটর সাইকেল চুরি হয়। ওই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হলেও এখনো কোনো অগ্রগতি নেই। চুরি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে কোতোয়ালী অঞ্চলের সহকারি কমিশনার (এসি) মনজুর মোরশেদ বলেন, ‘মোটরসাইকেল চুরি হচ্ছে।আমরা বিভিন্ন অভিযানের মাধ্যমে কয়েকটি চক্রকে গ্রেপ্তারও করেছি। এখনও আমরা অভিযান অব্যাহত রেখেছি। তবে সমস্যা হচ্ছে—শহর থেকে তারা মোটর সাইকেলগুলো বিভিন্ন জেলায় নিয়ে যায়। বিশেষ করে পার্বত্য অঞ্চলে নিয়ে ভাড়ায় চালায়। যার কারণে এগুলো উদ্ধার সময়সাপেক্ষ হয়ে পড়ে।’