ছোটবেলা থেকে খুব দুষ্টু ছিলাম। আমাকে নিয়ে মায়ের দুশ্চিন্তার অন্ত ছিল না। একবার মা আর খালার সঙ্গে এক আন্টির বাসায় বেড়াতে গিয়েছিলাম। ব্লেড, পেরেক, তার—এ রকম কিছু না কিছু সব সময় থাকত। সেদিনও ছিল। আমার মা-খালারা বসে গল্প করছেন। আর আমার চোখ পড়ল আন্টির বাসার সুন্দর সোফার হাতলে। ব্লেড দিয়ে মনের সুখে আঁকিবুঁকি চালালাম সেখানে। সোফার ক্ষতবিক্ষত হাতল মা দেখার পর আমার পরিণতি কী হয়েছিল, বুঝতেই পারছেন।আরেকটা ঘটনা বলি। আমরা নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে সোফা নেই, তবে সুপারিগাছ আছে। নানুর অল্পবয়সী সুপারিগাছগুলোকে আমার কেন যেন রডবিদ্ধ করতে ইচ্ছা হলো। একদিক থেকে রড ঢুকিয়ে অন্য দিকে বের করেছি। এবার দুষ্টুমির পরিণতি হলো ভয়ানক। আমাকে পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হলো। সাত বছর বয়সে আমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটে। আমার এক দুরারোগ্য রোগ ধরা পড়ে, যার নাম থেলাসেমিয়া। আমাকে মাসে অন্তত দুই ব্যাগ করে রক্ত দিতে হতো। আমার শরীরে রক্ত তৈরি হতো না। মা আর আমার রক্তের গ্রুপ একই। আমার মা আমাকে রক্ত দিতেন প্রায়ই। আরও রক্ত দিতেন আমার শিমুল মামা ও আব্বুর প্রিয় কিছু ছাত্র। আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমি যখন মাঝেমধ্যে খুব অসুস্থ হয়ে পড়তাম, তখন আমার মা-বাবা সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করতেন। আজ যখন সেই স্মৃতিগুলো মনে করি, কখন যে চোখের কোনায় জল এসে চিকচিক করে, নিজেও টের পাই না। আমার মা যে আমার জীবনে, আমার কাছে কত প্রিয়, তা আমি কখনোই ৬০০ শব্দের মধ্যে লিখে প্রকাশ করতে পারব না।সাইফুল্যাহ মনিরদক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।