থ্যাংক ইউ অয়েল, অয়েলকাম লিমা
শখ হিসেবে মানুষ কত কিছুই না করে। এই ধরুন বই পড়া, গান শোনা, মাছ ধরা, খেলা করা ইত্যাদি ইত্যাদি। তেমনি আমার শখ হলো মাথায় লম্বা চুল রাখা। স্কুল গোয়িং ছাত্র হিসেবে লম্বা চুল রাখা একটু বেমানানই বটে। কিন্তু কী আর করা, ওই যে ‘মাই ফেভারিট হবি’ বলে কথা। কথা যা-ই হোক, আসল কথা হলো, আমাদের গণিতের শিক্ষক মেসবাহ উদ্দীন স্যারের শখটা আবার অষ্টম আশ্চর্যের মতো। ক্লাসে কোনো ছাত্রের পড়া না হলে শাস্তিস্বরূপ চুল ধরে টানা নাকি তাঁর শখ (তবে ছাত্রী বোন ও টাক ভাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা ছাড়!) স্যারের অমন উদ্ভট শখের কারণে আমার লম্বা চুল রাখা শখটা পড়ল মহা বিপর্যয়ের সম্মুখে। কারণ, আমি অঙ্ক তো একেবারে পারিই না, তার ওপর মাথাভর্তি লম্বা চুল; ফলে স্যারের শখটা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করতে লাগল। ক্লাসে একদিন অঙ্ক না পারার কারণে স্যার মনের মতো করে তাঁর শখ মেটালেন। স্কুল ছুটির পর বিকেলে মন খারাপ করে বাজারের দিকে রওনা দিলাম, উদ্দেশ্য সেলুনে গিয়ে চুল ছেঁটে ফেলা। বাজারে যাওয়ার পথে দেখা হলো লিমার সঙ্গে (ওর সঙ্গে আমার আবার...)। সুতরাং মনের মানুষের কিসের জন্য এত মন খারাপ আর কোথায় বা যাচ্ছি, জানতে চাইল লিমা। আমিও অকপটে বিস্তারিত সব ওকে জানাই। সব শুনে মনের মানুষের জন্য লিমা একটা মনের মতো পরামর্শ দিল। ওর পরামর্শ মোতাবেক চুল না ছেঁটে ওই টাকা দিয়ে এক বোতল খাঁটি সরষের তেল কিনে বাড়িতে ফিরলাম।পরদিন সকালে লিমার পরামর্শ অনুসারে সারা মাথায় এমনভাবে তেল মাখলাম যে সামান্য বাতাসেও পানির মতো উড়ে যাচ্ছে তেল। ফলাফলের আশায় দ্রুত স্কুলে গিয়ে বসে পড়লাম প্রথম বেঞ্চে। যথারীতি প্রথম ঘণ্টায় ক্লাসে প্রবেশ করলেন গণিতের স্যার আর পূর্ব রীতি অনুযায়ী সবাইকে অঙ্ক কষতে দিলেন। একে একে সবাই খাতা জমা দিলেও আমার ফলাফল আগের মতোই। তবে একটা ক্ষেত্রে ফলাফলটা এল ভিন্ন, সেটি হলো, স্যার প্রতিদিন চুল টানতেন আর বলতেন, ‘হারামজাদা, আর কবে অঙ্ক শিখবা?’ আর আজ বললেন, ‘হারামজাদা, ইশ্ তেল!’ এই বলে স্যার যখন ভাঙা হাতের মতো তেলমাখা হাতটি উঁচু করে নিয়ে শ্রেণীকক্ষ ত্যাগ করছিলেন, তখন আমি সানন্দে বলে উঠলাম, ‘থ্যাংক ইউ অয়েল, অয়েলকাম লিমা।’ মো. আব্বাস উদ্দীন সরকারি এম এম কলেজ, যশোর।