থ্রি এস গ্রুপ
তিন বন্ধু সজল, সোহেল আর সুমন। প্রথম অক্ষর ‘এস’ বলে ‘থ্রি এস গ্রুপ’ নামে পরিচিত। তিনজনে পরিকল্পনা করেছে, যা করবে একসঙ্গেই করবে। এমনকি বিয়ে পর্যন্ত। কিন্তু চলার পথে কিছু কাজ একসঙ্গে করা সম্ভব হলেও তারা বিয়েটা একসঙ্গে করতে পারেনি। কারণ, সোহেল প্রেম করত এক ধনীর দুলালির সঙ্গে। একদিন দুজনে পালিয়ে বিয়ে করল। বর্তমানে জীবনের ঘানি টানতে সে গার্মেন্টসে চাকরি করে। ধনীর দুলালির চাহিদার শেষ নেই। তার চাহিদা মেটাতে সোহেলের ‘নুন আনতে পানতা ফুরায়’। মাঝেমধ্যে সজল ও সুমনকে ফোন করে বলে, ‘দোস্ত, আমাকে ক্ষমা করিস; আর ভুলেও প্রেম করে বিয়ে করিস না। আমি তোদের সাবধান করে দিচ্ছি, এ ভুল পথে কখনো পা দিবি না। বন্ধু হিসেবে আমি চাই না, আমি ভুল করেছি বলে তোরা ভুল করবি।’ দুই বন্ধু চিন্তা করল, আমরা একপ্রকার ভালোই আছি। প্রেম-ট্রেম করি না। এদিকে সজলকে পরিবার থেকে চাপ দেওয়া হলো বিয়ে করার জন্য। তারপর মেয়ে দেখা, অতঃপর বিয়ে। বিয়ের পাঁচ দিন যেতে না-যেতেই সে সুমনকে এসে বলল, ‘দোস্ত, দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবি, না খেলেও পস্তাবি। তার চেয়ে না খেয়ে পস্তানো ভালো। ভুলেও বিয়ে করিস না। বিয়ে করার চেয়ে সন্ন্যাসী জীবন অনেক ভালো। তোর কোনো টেনশন থাকবে না।’ সুমন চিন্তা করল, আসলে তো সজল ভালো কথা বলেছে। সে এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করল। সন্ন্যাসীকে বলল, ‘আপনার মতো হতে চাই। আমাকে কী কী করতে হবে?’সন্ন্যাসী বলল, ‘প্রথমত, তোকে পরিবারের বন্ধন ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, নারীসঙ্গ ত্যাগ করতে হবে। তৃতীয়ত, টাকাপয়সা, ধন-দৌলতে লোভ করতে পারবি না। চতুর্থত, খাবার পেলে খাবি, না পেলে খাবি না। পঞ্চমত, ...।’‘না না, থাক আর বলতে হবে না। আমি সব পারব, কিন্তু না খেয়ে উপোস থাকতে পারব না। কারণ, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমার দ্বারা সন্ন্যাসী জীবন অবলম্বন করা সম্ভব নয়।’‘তুই ভুল করলি, মস্ত ভুল করলি। যা! আমার সামনে থেকে দূর হয়ে যা।’ সুমন তার বন্ধুদের মতো একই পথ অনুসরণ করল একটু ব্যতিক্রমভাবে। অনেক চিন্তা করে একজন চাকরিজীবী মেয়েকে বিয়ে করল। তারা অনেক সুখে থাকলেও কেউ পরিবারে সময় দিতে পারে না। এটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একদিকে মশার ভ্যান ভ্যান, অন্যদিকে বউয়ের ঘ্যান ঘ্যান—তার ভালো লাগে না। জীবনটাকে অর্থহীন মনে হয়। এখন বুঝতে পারছে, সেও ভুল করেছে। মাঝেমধ্যে চিন্তা করে এ রকম ভুল করার চেয়ে সন্ন্যাসীর ওখানে উপোস থাকা অনেক ভালো ছিল। সুমিত বড়ুয়াশুচিয়া, চন্দনাইশ, চট্টগ্রাম।