থ্রি চিয়ার্স ফর তেল
আমার হঠাৎ করে ৫০ টাকার খুব প্রয়োজন পড়ল। আব্বু-আম্মুর কাছে চাইতে পারছি না জবাবদিহি করার ভয়ে। আবার টাকাটা না হলেও নয়। গার্লফ্রেন্ডকে তেল দিতে গিয়ে ধরা পড়ায় তাকে খাওয়ানোর শপথ করতে হয়েছে। অনেক ভেবে শেষে পাশের বাসার মিষ্টি ভাবির বাসায় গেলাম। ভাবি সোফায় বসতে দিয়ে চা আনতে গেলেন। আমি ভাবছি, কীভাবে শুরু করি। এমন সময় ভাবি চা নিয়ে এলেন। আমি চায়ে এক চুমুক দিয়ে বললাম, ‘ভাবি, আপনার হাতের চা খাওয়ার জন্য আমার সব সময় এখানে আসতে ইচ্ছে করে।’ ভাবি মনে হলো একটু খুশি হলেন। আমার বুকে তখন সাহসের আনাগোনা। বললাম, ‘ভাবি, আমি আপনার মতো মেয়েকেই বিয়ে করব। এমন সুন্দর মেয়ে আমি খুব কমই দেখেছি। ভাবি, আপনি কী করে এত সুন্দর হলেন, বলেন তো?’ ভাবিকে দেখলাম, আমার মাথার ওপর দিয়ে পেছনে তাকাচ্ছেন। ভাবলাম, ঘড়ি দেখছেন। আমি কখন যাব, এটা ভাবছেন। তাই মনে হলো, ভাবি হয়তো বেশি খুশি হচ্ছেন না। তাই আবার শুরু করলাম, ‘ভাবি, আপনি কি এখন মেকআপ করেছেন? নাকি না করেই এত সুন্দর? ভাবি, কী বলব, আপনাকে দেখলেই আমার কেমন জানি ক্যাটরিনা কাইফের কথা মনে হয়...!’ হঠাৎ করে কলারে টান পড়তেই পেছনে তাকিয়ে দেখি, রিফাত ভাইয়া। আমার অবস্থা তখন বড়ই সঙ্গিন। ভাইয়া বললেন, ‘আমার বউকে তোর ক্যাটরিনা কাইফের মতো লাগে, তাই না? এবার বের হ আমার বাড়ি থেকে। আবার এলে তোর হাড় ভাঙব।’ কোনো রকমে জান নিয়ে পালালাম সেদিন। অবশ্য আমার এত তেল বিফলে যায়নি। পরে ভাবি ডেকে টাকাটা দিয়েছিলেন ঠিকই। জয় তেলের জয়। মারুফসাহেব বাজার, রাজশাহী।