মধ্য দুপুরে মাথার ওপর সূর্য, কিন্তু তার পরও তাঁদের ঘরে আটকে রাখার উপায় নেই। ক্যামেরা কাঁধে নিয়ে ঠিকই মাঠে নেমে পড়েছেন তাঁরা। হ্যাঁ, এঁরাই আগামী দিনের চলচ্চিত্রকার অথবা চলচ্চিত্রের নেপথ্যকর্মী। পড়ছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। এরই মধ্যে কানে ভেসে আসে ফাইভ-ফোর-থ্রি-টু-ওয়ান-জিরো-অ্যাকশন। শোয়েবের উত্তর, শটটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মাঝখানে হাসান এসে বলেন, এবার আমার ক্যামেরা নেওয়ার পালা। এভাবেই দুপুর গড়িয়ে যায়। ক্যামেরার কাজ আজকের মতো শেষ। আগামীকাল ব্যস্ততা শুরু হবে এডিটিংয়ের কাজ নিয়ে। এভাবেই দিন কেটে যায় আগামী দিনের চলচ্চিত্র-কারিগরদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করছেন তপতী। চলচ্চিত্রের জ্ঞান থাকলে তা বিজ্ঞাপনী সংস্থায় কাজে লাগবে—এ আশায় ভর্তি হয়েছেন জাতীয় গণমাধ্যাম ইনস্টিটিউটের ফিল্ম ডিরেকশন কোর্সে। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুমন বলেন, মুক্তির গানের মতো প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা আমার বহু দিনের। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষে এখানে তিন মাসের কোর্স করছি।চলচ্চিত্রের খুঁটিনাটিফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ হলো গণমাধ্যম উন্নয়ন এবং চলচ্চিত্র নির্মাণের কৌশলগত সার্বিক প্রায়োগিক পাঠ। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক বলেন, এ বিভাগে কীভাবে একজন শিক্ষার্থী ফিল্ম বানাতে পারে তার প্রতিটি পর্যায় যেমন—লাইটিং, মেকআপ, কস্টিউম, এডিটিং, ডিরেকশন ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। সঙ্গে সঙ্গে শিল্প-সাহিত্য, অর্থনীতিসহ সমাজ-বাস্তবতার বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয় এতে।ফুল টাইম বা পার্ট টাইম—সব ক্ষেত্রেই এ বিভাগের শিক্ষার্থীদের কাজের সুযোগ আছে বলে জানালেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক।বাংলা চলচ্চিত্রের বয়স ৬০ পেরোলেও সে অনুপাতে এর উন্নয়ন বা বিকাশ ঘটেনি। আমাদের চলচ্চিত্রের আধেয় উন্নত ও বহুমুখীকরণের পাশাপাশি কারিগরিভাবে আরও স্বয়ংসম্পূর্ণ হতে চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষা জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন চলচ্চিত্র গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক। বর্তমান বিশ্বে চলচ্চিত্র ও টেলিভিশন খুবই শক্তিশালী মাধ্যম। কিন্তু এ দুটি শিল্পে অনেক পিছিয়ে রয়েছি আমরা। চলচ্চিত্র বা গণমাধ্যমই পারে সমাজের ইতিবাচক দিকগুলোর পাশাপাশি নানা অসংগতির চিত্র তুলে ধরতে।কোথায় পড়তে পারেনচলচ্চিত্র পুরোনো শিল্পমাধ্যম হলেও এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে অনার্স বা মাস্টার্স প্রোগ্রাম চালু হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে এ বিষয়ে একটি কোর্স পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টিভি মিডিয়া স্টাডিজ নামে নতুন একটি বিভাগ খোলার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এখন চলছে সিলেবাস তৈরির কাজ।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, গ্রিন বিশ্ববিদ্যালয়ে ফিল্ম, টিভি অ্যান্ড ডিজিটাল মিডিয়া স্টাডিজ বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ রয়েছে। আর বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চলচ্চিত্রবিষয়ক কোর্স পড়ানো হয়। এ ছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভস চলচ্চিত্র পরিচালনা ও ফিল্ম এপ্রিসিয়েশনের ওপর তিন মাস মেয়াদি কোর্স করিয়ে থাকে।পঠন পদ্ধতিস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি অনার্স প্রোগ্রামে ১৩০ ক্রেডিট, এক বছরের মাস্টার্স প্রোগ্রামে ৩৬ ক্রেডিট এবং দুই বছরের সান্ধ্যকালীন মাস্টার্সে ৬৬ ক্রেডিট পড়ানো হয়। গ্রিন বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি কোর্সে ১২টি সেমিস্টারের অধীন ১৪৪ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এ ছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে তিন মাসের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভস ডিপার্টমেন্টে তিন মাসের ফিল্ম ডিরেকশনের কোর্স করা যেতে পারে।পড়ার যোগ্যতা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়তে হলে প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়। তবে অনার্স করতে উচ্চমাধ্যমিক পাস এবং মাস্টার্স করতে চার বছরের অনার্স ডিগ্রি অথবা মাস্টার্সসহ তিন বছরের অনার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে। এ ছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভসে কোর্স করতে যোগ্যতা হিসেবে প্রয়োজন পড়বে চার বছরের অনার্স ডিগ্রি।খরচস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স কোর্স করতে তিন লাখ ৮২ হাজার টাকা এবং দুই বছরের মাস্টার্সে খরচ পড়বে এক লাখ ৮২ হাজার টাকা। গ্রিন বিশ্ববিদ্যালয়ে শুধু অনার্স প্রোগ্রাম চালু আছে, যেখানে চার বছরের অনার্স কোর্সে খরচ পড়বে দুই লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভসে কোর্স ভেদে ফি নির্ধারণ করা হয়। তবে তিন মাসের কোর্সে গড়পড়তা ফি ছয় হাজার টাকা। যোগাযোগ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জন্য www.Stamford.ac.bd, গ্রিন বিশ্ববিদ্যালয়ের জন্য www.green.ac.bd, বাংলাদেশ ফিল্ম আর্কাইভসের জন্য www.bfa.gov.bd এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) জন্য www.nimc.bd ঠিকানায় লগ ইন করে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।