দই চাই গরমে
গরমে টক দই খেতে পছন্দ করেন অনেকে। টক দই দিয়ে বানানো যায় নানা পদের মজাদার খাবার। দেখে নিন শাহানা পারভীনের তৈরি কয়েকরকম খাবার।ফলাহারউপকরণ: টক দই ২ কাপ (পানি ঝরানো), গুঁড়া চিনি দেড় কাপ, পাকা আম ১টি, আপেল ১টি, আঙুর চার-পাঁচটি, পাকা কলা ১টি, বাদাম কুচি ১ টেবিল চামচ।চকলেট সস: মাখন ১ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা, সামান্য দুধ। সব জ্বাল দিয়ে চকলেট সস তৈরি করতে হবে।প্রণালি: প্রথমে একটি পরিষ্কার সুতি কাপড়ে বেঁধে দইয়ের পানি ঝরাতে দিন। দইয়ের সঙ্গে পরিমাণমতো চিনি মেশাতে হবে। পরিবেশনের সময় ঠান্ডা দই, ঠান্ডা ফল বাদাম কুচি এবং ওপরে চকলেট সস দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় ডেজার্ট হিসেবে।দই শরবতউপকরণ: টক দই ১ লিটার, পানি আধা লিটার, গোলমরিচ গুঁড়া (সাদা ২ চা চামচ, গোলমরিচ (কালো) ১ চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ২ চা চামচ, ভাজা ধনে গুঁড়া ২ চা-চামচ, পুদিনা পাতা বাটা ২ চা-চামচ, ধনেপাতা বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ বাটা ২ চা-চামচ, বিট লবণ ও লবণ স্বাদমতো। বরফ প্রয়োজনমতো। চিনি ২ টেবিল চামচ (ইচ্ছা হলে)।প্রণালি: টক দইয়ের সঙ্গে পানি, জিরা ও ধনে গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিন। এবার ছাঁকা দইয়ের সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন করুন। দই শরবত পছন্দমতো ঘন বা পাতলা করা যায়।রায়তাউপকরণ: ঠান্ডা টক দই ২ কাপ, শসা কুচি ১ কাপ, পাকা টমেটো কুচি ১ কাপ, সেদ্ধ গাজর কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২টি, পুদিনা পাতা কুচি ১ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো, সেদ্ধ আলু (মাঝারি) ১টি, সেদ্ধ ডিম ১টি।প্রণালি: প্রথমে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা সব উপকরণ পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিন। এরপর সার্ভিং ডিশে দই, আলু, ডিম, চিনি, লেবুর রস, পরিমাণমতো লবণসহ সব উপকরণ একসঙ্গে মেখে পরিবেশন করুন।দই চিঁড়াউপকরণ: চিঁড়া ১ কাপ, টক দই ১ কাপ, মিষ্টি দই ১ কাপ (ইচ্ছামতো), পাকা কলা কুচি ১টি, চিনি ২ টেবিল চামচ (ইচ্ছামতো), লবণ স্বাদমতো।প্রণালি: চিঁড়া পানি দিয়ে ধুয়ে নিন। ১ কাপ পানি দিয়ে চিঁড়া ভিজিয়ে রাখুন। এবার দই, চিঁড়া, কলা ও সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে রেফ্রিজারেটরে রাখুন এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার দই চিঁড়া।ঘরে পাতা টক দইউপকরণ : দুধ ১ লিটার, পানি ১ কাপ, দইয়ের বীজ (আগের দই) ১ টেবিল চামচ, মাটির হাঁড়ি ১টি।প্রণালি: দুধে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট জ্বাল দিন। দুধে বলক এলে আঁচ কমিয়ে দিন। মৃদু আঁচে ১৫ মিনিট দুধ জ্বাল দিন। দুধ মাঝেমধ্যে নাড়তে হবে। হাঁড়ির তলায় যেন ধরে না যায়। দুধ ঘন হলে চুলা থেকে নামিয়ে নাড়তে থাকুন। দুধ কিছুটা ঠান্ডা হলে মাটির হাঁড়িতে ঢালুন। কুসুম গরম থাকতে দইয়ের বীজ দিয়ে নেড়ে দিন এবং ঢেকে রেখে দিন। চার-পাঁচ ঘণ্টা পর দই জমে যাবে। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে তুলে রাখুন ঘরে পাতা টক দই।