দইয়ের মেলায়
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় আড়াই শ বছর ধরে বসছে দই মেলা। দেখতে গিয়েছিলেন সাজেদুল আলম
মাঘের হাড়কাঁপানো শীতের মধ্যে এমন ঝুম বৃষ্টি নামবে কে ভেবেছিল! প্রকৃতির খামখেয়ালির জট খোলা আসলেই কঠিন কাজ। বৃষ্টি পড়তে থাকলে সংশয় ভর করল—এমন প্রতিকূল আবহাওয়ায় মেলা বসবে তো? মেলার আয়োজন হলেও মানুষজন আসবে তো! মেলায় যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে ভেবে মনটাও খারাপ হলো।
ভোরে ঘুম থেকে উঠতেই অবশ্য মনটা ভালো হয়ে গেল। কুয়াশা আর শীতের দাপট থাকলেও বৃষ্টি নেই। সকালবেলায়ই বেরিয়ে পড়লাম। সিএনজিচালিত অটোরিকশায় রায়গঞ্জের ধানগড়া থেকে ভূঞাগাঁতী। সেখান থেকে আরেকটি অটোরিকশায় তাড়াশ। সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড থেকে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ যেতেই তাড়াশ বাজার পেরিয়ে বিশাল এক মাঠ। এ মাঠেই বসেছে দই মেলা।
শীত ও বৃষ্টির হানা উপেক্ষা করে, করোনা সংক্রমণের ভয় এড়িয়ে মেলায় হাজির হয়েছেন শত শত মানুষ। যাঁদের কেউ কেউ এসেছেন দই নিয়ে, কেউ কিনতে, কেউ এসেছেন স্রেফ ঘুরতে।
মেলায় ঢোকার মুখেই দেখলাম, একজন দই কিনে ফিরছেন। জিজ্ঞেস করতেই স্মৃতিকাতর হয়ে জানালেন, ছোটবেলায় বাবার হাত ধরে এ মেলায় আসতেন। এবার স্ত্রী আর মেয়েকে সঙ্গে এনেছেন।
তাড়াশ সদরের মানুষটার নাম গোপীনাথ সরকার। কথা বলতে বলতে লক্ষ করলাম, মেলা নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। তাড়াশের মানুষ বলেই হয়তো এমন উচ্ছ্বাস।
মেলায় এসেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রীপুরের গোয়ালা তানু কাজী। অশীতিপর মানুষ। গল্পের হাঁড়ি যেন। তাঁর সঙ্গে জমে গেল। প্রতিবছরের মতো এবারও দই মেলায় দই বিক্রি করতে এসেছেন। একসময় দাদা ও বাবার সঙ্গে নাকি মেলায় এসেছেন। তিনি বলেন, ‘এখন আমার সঙ্গে দই বিক্রি করতে নাতিরা আসে।’
চলনবিল অঞ্চলের এই দই মেলা নিয়ে রয়েছে নানা কাহিনি। তাড়াশের একসময়ের জমিদার ছিলেন বনোয়ারীলাল রায়বাহাদুর। দই ও মিষ্টান্ন পছন্দ করতেন এই জমিদার। তাই জমিদারবাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলের ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। সেই থেকে জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী দই মেলার প্রচলন হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বসে এই দই মেলা।
বাংলা একাডেমি প্রকাশিত ও শামসুজ্জামান খান সম্পাদিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা: সিরাজগঞ্জ বইয়ে তাড়াশের এই মেলার বর্ণনা রয়েছে। এতে বলা হয়েছে, একসময় এ মেলায় ৭০০-৮০০ জন ঘোষ ৮ থেকে ১০ হাজার মণ দই নিয়ে এসে বিক্রি করতেন। তখন অবশ্য মেলা হতো তিন দিন। বর্তমানে দিনব্যাপী মেলায় কয়েক শ মণ দই বিক্রি হয়।
মেলায় আসা দইয়ের স্বাদের মতো নামেরও ভিন্নতা রয়েছে। যেমন ক্ষীরশা দই, শাহি দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরী দই ইত্যাদি বাহারি নাম। দামেও রয়েছে হেরফের। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই ও তাড়াশের দই প্রচুর পরিমাণ বিক্রি হয়।
দইয়ের গন্ধে চারপাশ মাতোয়ারা। ঘুরতে ঘুরতে দই খাওয়ার রুচিটাই উবে গেল। তবু ফেরার সময় দুই হাঁড়ি নিয়ে পথ ধরলাম।