চট্টগ্রাম বন্দর-পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিজিএমই-এর প্রথম সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুচ ছালাম ও চিটাগাং চেম্বারের জ্যেষ্ঠ সভাপতি এম এ ছালাম। তাঁদের সাক্ষাৎকার নেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মামুন আবদুল্লাহ ও জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মিলাদ
দক্ষ প্রশাসনের অভাবে সেবার মান কমেছে
চট্টগ্রাম বন্দরের বড় ব্যবহারকারী সংস্থা বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ সংস্থার প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী মনে করেন এ মুহূর্তে বন্দরের বড় সমস্যা হচ্ছে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়া। বন্দরের কাজে উচ্চপর্যায় থেকে অযাচিত হস্তক্ষেপ এবং এ ধরনের হস্তক্ষেপে বন্দর কর্তৃপক্ষ দৃঢ়তা দেখাতে না পারার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়। পাশাপাশি ঘুষ, বকশিশ, দুর্নীতি আগের মতো ফিরে আসায় বন্দরের সেবার মান কমেছে। পরিস্থিতি উন্নয়নের জন্য সবার আগে বন্দরে দক্ষ প্রশাসন প্রতিষ্ঠার সুপারিশ করেন তিনি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।প্রথম আলো: বন্দর ব্যবহারকারীরা কোন ধরনের সমস্যায় আছেন?নাসির উদ্দীন চৌধুরী: এককথায় বলতে হয়, যেসব ব্যবস্থা নেওয়ার কারণে চট্টগ্রাম বন্দর দক্ষতা অর্জন করেছিল তার সবই এখন ভেঙে পড়েছে। তা-ই এ বন্দর এখন ব্যবসায়ীদের জন্য বড় উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রথম আলো: এ ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। নাসির উদ্দীন চৌধুরী: বন্দরে এখন জাহাজে পণ্য ওঠানামার কাজে দেরি হচ্ছে। ফলে সিঙ্গাপুর থেকে পণ্যসামগ্রী নিয়ে যেসব জাহাজ চট্টগ্রাম আসে সেগুলো বন্দরে আটকা পড়ছে। এসব জাহাজ সময়মতো যাত্রা করতে না পারায় সিঙ্গাপুর বন্দরেও চট্টগ্রামমুখী পণ্যের জট লেগেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেটির সংরক্ষিত এলাকার মধ্যে চুরি হচ্ছে, কর্তৃপক্ষ নির্বিকার। একটি কনটেইনারের অবস্থান জানতে চাইলে প্রকাশ্যে ঘুষ চাওয়া হচ্ছে। অথচ ছয় মাস আগেও এভাবে কনটেইনারের অবস্থান জানতে চাইলে আমাদের সালাম দিয়ে দ্রুত কাজ করে দেওয়া হতো। প্রথম আলো: এটা কেন হচ্ছে?নাসির উদ্দীন চৌধুরী: বন্দরের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে এটা হচ্ছে বলে আমাদের মনে হয়। কারণ বন্দরের অনেক দক্ষ কর্মকর্তাকে বহিষ্কার (সাসপেন্ড) কিংবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হয়েছে। যাঁরা অনিয়ম-দুর্নীতি করছেন তাঁদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। এটা অন্যদের দুর্নীতিতে উৎসাহিত করছে।প্রথম আলো: অনেকে বলেন, বন্দরের শ্রম-অসন্তোষও দক্ষতা হ্রাসের অন্যতম কারণ। আপনি কি তা মনে করেন?নাসির উদ্দীন চৌধুরী: অবশ্যই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দরের শ্রমিকদের এ ধরনের উৎপাত ছিল না। এখন সামান্য অজুহাতে বন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে। যাঁরা নিজেদের পাওনা টাকা বুঝে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন তাঁদের আবার ডেকে এনে চাকরির জন্য আন্দোলন করানো হচ্ছে।