দক্ষ শিক্ষকের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়। বিদ্যালয়গুলোতে ইংরেজি শিক্ষকের অদক্ষতা ও অপর্যাপ্ততাই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সমস্যা দূর করা না হলে আগামী দিনেও শিক্ষার্থীরা ইংরেজিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে না বলে আশঙ্কা করছেন অভিভাবক ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা।চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা স্কুলগুলোতে বেশির ভাগ ক্ষেত্রেই সাধারণ মানের শিক্ষার্থী পাই। তাদের মাজা-ঘষা করে একটি পর্যায়ে উন্নীত করতে হয়। এ ক্ষেত্রে দেখা যায়, ইংরেজিতে তাদের অকৃতকার্যতা বেশি।’ তিনি বলেন, ‘এ সমস্যা থেকে উত্তরণের জন্য স্কুলগুলোতে আমরা ইংরেজি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে।’ খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে গত কয়েক বছরে পরীক্ষার ফলাফলের হার আগের চেয়ে অনেক বেড়েছে। তবে স্থানীয় ও জাতীয়ভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য নয়।এ প্রসঙ্গে কাউন্সিলর রেহেনা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের মানস গঠনে সাংস্কৃতিক উন্নয়নের কোনো বিকল্প নেই। এ জন্য এ বছর থেকে আমরা নগরে চারটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। অপর্ণাচরণ, দেওয়ানহাট, পতেঙ্গা ও পাঁচলাইশে এসব প্রতিষ্ঠা করা হচ্ছে। তবে ভবিষ্যতে একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে এসব কর্মকাণ্ডের আওতা বাড়ানোর পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে।’ খোঁজ নিয়ে জানা যায়, সিটি করপোরেশনের আওতায় নগরে ৪৪টি উচ্চবিদ্যালয়, সাতটি কিন্ডারগার্টেন, ১৩টি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া, চারটি বয়স্ক শিক্ষাকেন্দ্র, ৫১০টি ফোরকানিয়া মাদ্রাসা, চারটি কম্পিউটার কলেজ এবং একটি কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন এক হাজার ৮৭৫ জন। তবে করপোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, স্বাধীনতার আগে থেকে একমাত্র স্থানীয় প্রশাসন হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষা-ব্যয় কম হওয়ার কারণে নগরের উচ্চবিত্ত থেকে শুরু করে অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থীরাও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ পায়। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ৪৪টি উচ্চবিদ্যালয়ের মধ্যে গত বছর ২৩টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যগুলোতেও পাসের হার প্রায় ৯০ শতাংশ। এর মধ্যে ১৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।’ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সময়োপযোগী করে গড়ে তুলতে আগামী সময়ে কিছু বিদ্যালয়কে মানভিত্তিক (গ্রেড) ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।সম্প্রতি সিটি করপোরেশনের কয়েকটি বালিকা উচ্চবিদ্যালয়ে জানা যায়, কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার কারণে একাধিক ওয়ার্ড কাউন্সিলর বালিকা বিদ্যালয়গুলোতে কেবল নারী শিক্ষক নিয়োগের দাবি তুলেন। তবে শেষ পর্যন্ত এ দাবি মানেননি সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষকদের বলে দিয়েছি, নীতি-নৈতিকতার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিক্ষকদেরই তা প্রতিষ্ঠা করতে হবে।’ তবে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের বালিকা বিদ্যালয়গুলোতে নারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য ভবিষ্যতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আমরা মাথায় রেখেছি। সে ক্ষেত্রে ওইসব বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা আরও বাড়বে।’