দক্ষতায় সেরা সেবায় পিছিয়ে
আফ্রিকার একটি জার্নালে প্রকাশিত দুই গবেষকের রচনায় এশিয়ার ৬৯টি বন্দরের তুলনামূলক দক্ষতা মূল্যায়নে চট্টগ্রাম বন্দরের অবস্থান শীর্ষস্থানে দেখানো হয়েছে। নিঃসন্দেহে এটি খুশির খবর। কিন্তু এই খুশির খবর আশ্বস্ত করতে পারেনি বন্দর ব্যবহারকারীদের। তাঁদের কথা, সনাতন পদ্ধতির সীমিত যন্ত্রপাতি ব্যবহার করে ধারণক্ষমতার চেয়ে বেশি কনটেইনার ওঠানো-নামানোয় (হ্যান্ডলিং) বন্দরের দক্ষতা সর্বমহলে প্রশংসিত। কিন্তু সেবার মানের দিক সম্পর্কে এখনো আশ্বস্ত হওয়া যাচ্ছে না। বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে পণ্য ও কনটেইনার চুরি বন্ধ না হওয়া পর্যন্ত স্বস্তি আসছে না। পণ্য ও কনটেইনার জাহাজ থেকে খালাস এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার ক্ষেত্রে ঘাটে ঘাটে বিড়ম্বনা এখনো আছে। ঘুষ-বকশিশও পুরোপুরি বন্ধ হয়নি। এসব অব্যবস্থাপনা বন্দর ব্যবহারকারীদের এখনো মূল উদ্বেগের কারণ বলে জানা গেছে।আরও অভিযোগ আছে, বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের কাজের মধ্যে অনেক সময় সমন্বয় হয় না। জেটি থেকে কনটেইনার খালাস নিতে সন্ধ্যার পর বন্দর কর্মকর্তারা এলেও অনেক সময় শুল্ক কর্মকর্তাদের পাওয়া যায় না। এতে কনটেইনার খালাসে বিলম্বিত হয়। আবার বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সব কাজ হলেও সময়মতো পরিবহনের জন্য ট্রাক পাওয়া না গেলে ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ে। ফলে বন্দরের অপারেশনাল কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব সংস্থার কাজে সুষ্ঠু সমন্বয় ছাড়া বন্দরের সেবার মানে দক্ষতা অর্জন সম্ভব নয় বলে মনে করেন তাঁরা। বিভিন্ন সময় আলাপকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেবার মানে পুরোপুরি দক্ষতা অর্জন করতে হলে ব্যবহারকারী সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের দিক থেকে অনেক সময় সব কাজ শেষ করা হলেও ব্যবসায়ীরা তাঁদের পণ্য কিংবা কনটেইনার সময়মতো নেন না। এটার দায় বন্দর নেবে কেন?’বন্দরের চেয়ারম্যান বলেন, ‘জেটির সংরক্ষিত এলাকা থেকে পণ্য চুরির ঘটনা অনেক কমে গেছে। ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটি) ক্যামেরার কার্যকারিতা বাড়ানো হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি জানান, ‘এক সময় গাড়ি আমদানিকারকেরা তাঁদের গাড়ির যন্ত্রপাতি চুরি হচ্ছে বলে অভিযোগ তুলতেন। আমি নিজে গাড়ি রাখার জায়গায় গিয়ে দেখি, সেখানকার সিসি ক্যামেরাটি ঘুরিয়ে রাখা হয়েছে। আরও কিছু কার্যক্রম গ্রহণ করায় গাড়ি আমদানিকারকেরা কোনো অভিযোগ তুলতে পারছেন না।’ চট্টগ্রাম বন্দরের অন্যতম ব্যবহারকারী সংস্থা তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ)। এই সংস্থার বন্দর ও শুল্কবিষয়ক সম্পাদক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গবেষকেরা কী পেয়েছেন তা আমি জানি না। কিন্তু আমি জানি, বিশ্বে একটাই বন্দর আছে আর সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, যেখানে কোনো আমদানিকারক যেদিন চান সেদিন তাঁর পণ্যভর্তি কনটেইনার খালাস করে নিয়ে যেতে পারেন না। বন্দর কর্তৃপক্ষের কাছে এ জন্য আবেদন (ইনডেন্ট লেটার) করতে হয়। এরপর বন্দর কর্তৃপক্ষ কন্টেইনার খুঁজে বের করে খালাসের সুযোগ দেয় এক দিন পর।’ মাহবুব চৌধুরীর অভিযোগ, অনেক সময় আবেদন করতে বৃহস্পতিবার বিকেল পার হলে কনটেইনার খালাস দেওয়া হয় রোববারে। কারণ শুক্র-শনিবার শুল্ক কর্তৃপক্ষের লোকজনকে পাওয়া যায় না। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ আমি ঘুরেছি। সব দেশে আমদানিকারকের চাহিদার তিন-চার ঘণ্টার মধ্যে কনটেইনার খালাস দেওয়ার নিয়ম আছে।’এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, জাহাজ থেকে কনটেইনার নামিয়ে জেটির সুনির্দিষ্ট জায়গায় রাখা এবং দ্রুততম সময়ে খালাস দেওয়ার জন্য কনটেইনার ট্রাফিক ম্যানেজমেন্ট পদ্ধতি (সিটিএমএম) নামের একটি নতুন পদ্ধতি শিগগিরই চালু হচ্ছে। তখন চাহিদা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কনটেইনার শনাক্ত ও খালাস দেওয়া সম্ভব হবে।