নেপাল ও দক্ষিণ এশিয়ায় নারী পাচারবিষয়ক একটি সেমিনার গত বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এক্সচেঞ্জ অ্যান্ড প্রোগ্রামস এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ‘সিএনএন হিরো ২০১০’ পুরস্কারপ্রাপ্ত নেপালের মানবাধিকার কর্মী অনুরাধা কৈরালা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় প্রতিবছর এক লাখ ৫০ হাজার নারী পাচার হয়। আর বাংলাদেশ এবং নেপালের নারী ও শিশুরাই প্রধানত এ পাচারের শিকার। পাচারকারী লোকজন তাঁদের ভারতের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেয়। দেশের অভ্যন্তরীণ সহিংসতা, নারী-পুরুষ বৈষম্য, বহু বিবাহ, নিরক্ষরতা, দুর্নীতি, বেকারত্ব, অসচেতনতা এর জন্য দায়ী বলে তিনি উল্লেখ করেন।সেমিনারে আরও বক্তব্য দেন এইউডব্লিউর প্রাধ্যক্ষ ম্যারি স্যানস্যালন এবং সহপ্রাধ্যক্ষ সংগীতা রায়ামাজি। ম্যারি স্যানস্যালন বলেন, অনুরাধা কৈরালা নেপালের একজন ব্যতিক্রমী নারী। তিনি সামান্য একজন স্কুলশিক্ষিকা হয়েও সব বাধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছেছেন। সমাজের সব স্তরের মানুষকে তাঁর মতো অবদান রাখতে হবে।সংগীতা রায়ামাজি বলেন, নারী ও শিশুপাচার, তাদের অধিকার আদায়, পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টিসহ এসব ব্যতিক্রমী কাজের জন্য এ পর্যন্ত অনুরাধা কৈরালা আন্তর্জাতিক ও জাতীয়ভাবে ৩০টি পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি নারী ও শিশু অধিকার বিষয়ে বিরাট অবদানের জন্য তিনি ‘সিএনএন হিরো ২০১০’ পুরস্কার পেয়েছেন।প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে মাইতি নেপাল নামের একটি সংগঠন নারী ও শিশুপাচার এবং যৌন হয়রানি রোধে কাজ করে আসছে। এ সংগঠনের প্রধান অনুরাধা কৈরালা। তিনি এখন পর্যন্ত নেপালের ১২ হাজার ভুক্তভোগী নারীকে ভারতের যৌনপল্লিগুলো থেকে ফিরিয়ে এনেছেন এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন।সেমিনার শেষে তিনি এ বিষয়ে ভুক্তভোগী নারীদের সাক্ষাৎকারসহ একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।