দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবে প্রদর্শিত শুনতে কি পাও চলচ্চিত্রের একটি দৃশ্য
উৎ​সবে প্রদর্শিত শুনতে কি পাও চলচ্চিত্রের একটি দৃশ্য

মুম্বাইয়ের চারু দত্ত যাদভ মাত্র তেরো বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে মনোবল অটুট রাখার জন্য শুরু করলেন দাবা খেলা। দৃষ্টিশক্তিসম্পন্ন খেলোয়াড়দের এক প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হলে বদলে যায় তাঁর জীবন। চারু আবিষ্কার করেন দাবা কী করে বদলে দেয় একজন দৃষ্টিহীনকে। নিজেকে তিনি নিয়োজিত করলেন দৃষ্টিহীন ব্যক্তিদের মধ্যে দাবা ছড়িয়ে দেওয়ার কাজে।
আলগোরিদম নামের ইয়ান ম্যাকডেনাল্ড পরিচালিত ৯৬ মিনিটের এই চলচ্চিত্র অন্ধকারে ফুটে থাকা অদেখা ফুলের সন্ধান দিয়েছে দর্শককে। দৃষ্টিহীন মানুষদের আনন্দ-বেদনার এমন মহাকাব্যিক উপস্থাপন বহুদিন মনে থাকবে।
বিস্তার আর্ট কমপ্লেক্সের উদ্যোগে ৮ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হওয়া দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয় ভারতের এই চলচ্চিত্রটি। তিন দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হয় দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ১২টি চলচ্চিত্র।
নেপালের চলচ্চিত্র সংগঠন ফিল্ম সাউথ এশিয়ার দ্বিবার্ষিক চলচ্চিত্র উৎসবের ভ্রাম্যমাণ প্রদর্শনী ছিল এটি। ৮ জানুয়ারি সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন ফিল্ম সাউথ এশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও হিমেল ম্যাগাজিনের সম্পাদক কনক দীক্ষিত।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, বিস্তারের পরিচালক আলম খোরশেদ ও স্থপতি বিধান বড়ুয়া। এ ধরনের উৎসব স্থায়ী রূপ পাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এ ছাড়া শিল্পী ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, শায়লা শারমিন, চলচ্চিত্র পরিচালক ইয়াসমিন কবির, শৈবাল চৌধুরী, নাট্যজন শিশির দত্ত, আহমেদ ইকবাল হায়দারসহ সংস্কৃতি জগতের অনেকে উপস্থিত ছিলেন।
উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে কামার আহমেদ সায়মন পরিচালিত প্যারিসের সিনেমা দ্যু রিল উৎসবে গ্রাঁ পি জেতা শুনতে কি পাও দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল।
ইয়াসমিন কবিরের ১৮ মিনিটের চলচ্চিত্র তাজরিনও দর্শকদের ভালো লেগেছে। আদিবাসী চলচ্চিত্রকার অং রাখাইনের মাই বাইসাইকেল চলচ্চিত্রে পার্বত্য চট্টগ্রামের মানুষদের বেঁচে থাকার লড়াইয়ের রূপায়ণ দেখেছে দর্শক।
উৎসবের উল্লেখযোগ্য কয়েকটি ছবির একটি শ্রীলঙ্কার চলচ্চিত্র নো ফায়ার জোন। কাল্লুম মাকরায়ে পরিচালিত এই চলচ্চিত্রকে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের দলিলও বলা যায়।
গণহত্যা ও ধর্ষণ কী করে যুদ্ধের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে নো ফায়ার জোন দেখে সেই উপলব্ধি হয় দর্শকের।