দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু আজ
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। বিস্তার আর্ট কমপ্লেক্স ও নেপালের ‘ফিল্ম সাউথ এশিয়ার’ যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারের ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ বিকেল সাড়ে পাঁচটায় টিআইসিতে অনুষ্ঠিত হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
আজ উৎসবের উদ্বোধনের পর প্রদর্শিত হবে মিয়ানমারের চলচ্চিত্র টাইরেস ও পাকিস্তানের এ ওয়ালনাট ট্রি। আগামীকাল ৮ এপ্রিল প্রদর্শিত হবে ভারতের প্রামাণ্য চলচ্চিত্র মুজাফ্ফর নগর বাকি হ্যায়, একসেক্স, সিটিস অব স্লিপ, ব্লাড লিভস ইটস ট্রেইল ও নেপালের ড্রয়িং দা টাইগার। উৎসবের শেষ দিন ৯ এপ্রিল দেখানো হবে শ্রীলঙ্কার নিউজ ফ্রম জাফনা, পাকিস্তানের দ্য জার্নি উইদিন, ভারতের মাই নেম ইজ সল্ট এবং অন অ্যান্ড অফ দ্য রেকর্ডস ও বাংলাদেশের চলচ্চিত্র দুঃসময়। বিজ্ঞপ্তি।