‘প্রথম যখন এখানে আসি, তখন মন বসছিল না কিছুতেই। দিনের বেলাটা কোনো রকম ক্লাসে ব্যস্ততায় কেটে যেত। এরপর আর সময় কাটতে চাইত না। ভাবতাম, কোথায় এসে পড়লাম। চারদিকে কেমন শূন্যতা। ক্যাম্পাসের বাইরে ঘুরে বেড়ানোরও কোনো জায়গা নেই। কেনাকাটা করার মতো তেমন দোকানপাটও নেই আশপাশে। সব মিলিয়ে সে কী উৎকণ্ঠা! সবচেয়ে বড় কথা, ওই সময় মনের অবস্থা এমন ছিল—কারও সঙ্গে এসব শেয়ার করতেও ভালো লাগছিল না।’ গড়গড় করে কথাগুলো বলছিলেন নেপালি মেয়ে বিনিশা শ্রেষ্ঠা। শ্রীলঙ্কার সিতারা পেরেরা বললেন, ‘প্রথমটায় আমিও কিছুটা হোঁচট খেয়েছি। এই নির্জন গ্রামীণ পরিবেশে থাকতে হবে আমাদের। মন মানছিল না। পরে ভাবলাম, পড়াশোনা করতে এসেছি। না-হয় একটু কষ্টই হলো। দেখতে দেখতেই সময় কেটে যাবে।’ শ্রীলঙ্কার তরুণ তারেন্দু লঙ্কানাথা। যেখানেই হোক, গ্রাম কি শহর, তাতে কিছু যায় আসে না। সব পরিবেশে মানিয়ে নিতে অভ্যস্ত। কিন্তু বাদ সাধে এক জায়গায়। খাবারে অতিরিক্ত তেল দেখেই আঁতকে ওঠেন। কারণ, তাঁর দেশে এমন তেলের ছড়াছড়ি নেই বলে জানালেন। এঁরা সবাই শিক্ষার্থী। চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে এসেছেন এ দেশে। পড়ছেন চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। চন্দনাইশের গ্রামীণ জনপদে গড়ে উঠেছে ক্যাম্পাস। পাশেই বিজিসি ট্রাস্ট হাসপাতাল আর বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজের ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ছাত্রাবাস। ২০০৯ থেকে এখানে শিক্ষাকার্যক্রম চালু হয়। বর্তমানে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ৮২ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন এখানে। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েসহ শ্রীলঙ্কার শিক্ষার্থীর সংখ্যা ৪৪, নেপালের ৩৭ ও ভুটানের একজন।ক্যাম্পাসে রয়েছে লাইব্রেরি, ইনডোর গেমস, অভ্যন্তরীণ বা ঘরোয়া খেলাধুলার (টেনিস, ক্যারম, দাবা) ব্যবস্থা। ফলে বিনিশা শ্রেষ্ঠার সময় কাটানোর উদ্বেগও কমে গেছে এখন। ‘আসলে প্রথমটায় আমি যতটা ঘাবড়ে গিয়েছিলাম, কিছুদিন পর দেখলাম, ততটা উদ্বেগের কোনো কারণ নেই। এখন বরং শহরের কোলাহলের চেয়ে গ্রামের এ নির্জনতাই বেশি ভালো লাগছে আমার। পড়াশোনার ফাঁকে সময় পেলেই বন্ধুদের নিয়ে বসছি দাবার আসরে। কীভাবে সময় গড়িয়ে যায় টেরই পাই না।’ শ্রীলঙ্কার ব্রহ্মনাগ জিমহান বলেন, ‘লাইব্রেরিতেই কাটে আমার বেশির ভাগ সময়। তবে ছুটির দিন বন্ধুদের সঙ্গে আড্ডা, গান শুনে পার করি। সন্ধ্যায় পড়তে বসি। আমার কাছে পড়াশোনার জন্য এখানকার পরিবেশ বেশ উপযোগী বলে মনে হয়।’শ্রীলঙ্কার ইহসান হারিজ, রানিরু সিলভা, সিতারা পেরেরা, আবিরাথন বললেন, ‘আমরা আসলে এ দেশকে ভালোবেসে ফেলেছি। এখন আর কিছু অচেনা মনে হয় না। গ্রামের মানুষের সঙ্গেও আমাদের জানাশোনা হয়েছে। সময় পেলে সবাই মিলে গল্প করি। আবার মন চাইলে শহর থেকে ঘুরে আসি। বিভিন্ন সুপার মার্কেটে যাই। প্রয়োজনীয় কেনাকাটা সেরে আবার ফিরে আসি।’ সাপ্তাহিক ছুটির দিনে কলেজের নিজস্ব পরিবহনে করে শহরে যাওয়া-আসা করতে পারেন শিক্ষার্থীরা। অন্য দিন যেতে হয় নিজ ব্যবস্থায়।তারেন্দু লঙ্কানাথা, নেপালের অনুপ লামসেল, সুশীল মিশ্র অভ্যস্ত হয়ে গেছেন এখানকার খাবারদাবারে। এ নিয়ে এখন আর তেমন মাথাব্যথা নেই। কখনো দেশে মা-বাবা, আত্মীয়স্বজনের কথা ভেবে মন খারাপ হয়?: ‘তা তো হয়-ই, বিশেষ করে বিভিন্ন উৎসবের সময়।’ তখন কী করেন? নেপালি মেয়ে মনিথা মহারাজং বললেন, ‘মুঠোফোনে কথা বলি। সবার খবরাখবর নিই। তখন মন ভালো হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘গতবার কিন্তু আমরা এ ক্যাম্পাসে বেশ ঘটা করে পূজা উদ্যাপন করেছি।’ বিনিশা শ্রেষ্ঠা বলেন, ‘তখন আমাদের দেশের যেসব ছেলেমেয়ে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে, ওরাও এখানে আসে। ফলে জমে ওঠে সে উৎসব। তখন মনেই হয়নি আমরা দেশে নেই। ভেবেছি, আমরা সবাই এখানে আছি।’ এ ছাড়া কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা জানান। এবার বাংলা নববর্ষেও নেপালি মেয়েরা নেচে-গেয়ে বেশ প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দিয়েছে।বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে শতকরা ২৫ ভাগ কোটা রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। ভর্তির সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। জানুয়ারিতে ক্লাস শুরু হয়। কলেজের ঠিকানা: বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ, চট্টগ্রাম। ই-মেইল: [email protected]ফোন নম্বর: চট্টগ্রাম শহরের কার্যালয়: ০৩১-৬৫৬৮৪১, ক্যাম্পাস: ০৩০৩৩৫৬২৮৫-৬।