দক্ষিণ কোরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা সাবেক রাষ্ট্রপতি। পার্ক জিউন-হাই বাবার পথ ধরে রাজনীতিতে আসেন। সাংসদ থেকে এবার হয়ে উঠলেন রাষ্ট্রপতি। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় যুক্ত হওয়া পার্ক জিউন-হাই দেশটির প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বছর পঞ্চম বারের মতো সাংসদ নির্বাচিত হওয়া পার্কের জন্ম ১৯৫২ সালে দক্ষিণ কোরিয়ার দায়েগু এলাকায়। সোগ্যাং ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তাইওয়ানের চায়নিজ কালচার ইউনিভার্সিটি ও পুকিওং ন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। ১৯৭৪ সালে পার্ক জিউন-হাইয়ের মা মারা যান। ১৯৭৯ সালে বাবা পার্ক চিং-হাইয়ের মৃত্যুর আগ পর্যন্ত মায়ের জায়গায় তিনি ফার্স্ট লেডি হিসেবে ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত পার্ক জিউনের বিভিন্ন বিষয়ে পাঁচটি বই প্রকাশিত হয়েছে। রাজনৈতিক পরিবারের সদস্য পার্ক জিউন বাবাকে দেখেই রাজনীতিতে যুক্ত হন। এশিয়ার মধ্যে অর্থনীতিতে সফল চতুর্থ সেরা দেশ দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সফলভাবেই করার ইচ্ছে প্রকাশ করেছেন পার্ক জিউন-হাই। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ধীরে ধীরে অনেক কিছুই শিখেছেন তিনি, যা এখন জনকল্যাণের স্বার্থে লাগাতে চান। গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট